Published : 29 May 2026, 10:56 PM
নতুন কোচ বেছে নিতে বেশি দেরি করল না রেয়াল মাদ্রিদ। আলোচনায় থাকা জোসে মরিনিয়োকে সান্তিয়াগো বের্নাবেউয়ে ‘ফেরাল’ ইউরোপের সফলতম ক্লাবটি।
এক প্রতিবেদনে শুক্রবার এই খবর জানিয়ে বিসিবি বলেছে, আগামী ৭ জুন প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবে না রেয়াল। পাশাপাশি একটা শর্তের কথাও বলেছে বিবিসি। ফ্লোরেন্তিনো পেরেস প্রেসিডেন্ট পুননির্বাচিত হলেই কেবল ৬৩ বছর বয়সী কোচের এই চুক্তি টিকে থাকবে।
চলতি মাসে একটি সংবাদ সম্মেলনে নির্বাচনের ঘোষণা দেন পেরেস। এ সময় সাংবাদিক ও লা লিগার সমালোচনা করে বলেন, তার বিরুদ্ধে ‘সংগঠিত প্রচারণা’ চালানো হচ্ছে।
২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত রেয়ালের প্রেসিডেন্ট ছিলেন পেরেস। ২০০৯ সাল থেকে এই পদে রয়ে গেছেন তিনি। তবে টানা দুই মৌসুমে রেয়াল শিরোপাশূন্য থাকায় বেশ চাপে আছেন ৭৯ বছর বয়সী পেরেস।
২০ বছরের মধ্যে প্রথমবার কোনো নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রেয়াল প্রেসিডেন্টকে। তবে এনরিকে রিকেলমের বিপক্ষে পেরেস জিতবেন বলেই ধারণা স্পেন ও ইংল্যান্ডের গণমাধ্যমগুলোর।
গত সেপ্টেম্বরে বেনফিকার কোচের দায়িত্ব নেন মরিনিয়ো। পর্তুগিজ ক্লাব ছেড়ে আসছেন তিনি। চলতি মৌসুমে লিগে তৃতীয় হয়েছে বেনফিকা।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রেয়ালের কোচ ছিলেন মরিনিয়ো। ওই মেয়াদে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয় করেন এই পর্তুগিজ কোচ।
কার্লো আনচেলত্তির বিদায়ের পর গত বছর ক্লাব বিশ্বকাপ দিয়ে রেয়ালের কোচ হিসেবে কাজ শুরু করেন শাবি আলোন্সো। গত জানুয়ারিতে তাকে বিদায় আলভারো আরবেলোয়াকে কোচ করে মাদ্রিদের ক্লাবটি। এবার নিজেরই সাবেক খেলোয়াড়ের জায়গায় এলেন মরিনিয়ো।
২০২৫-২৬ মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি রেয়াল। ক্লাসিকোয় ২-০ গোলে জিতে লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে কোয়ার্টার-ফাইনালে থামে প্রতিযোগিতার সফলতম দলটির পথচলা।
২০১৩ সালে রেয়াল ছাড়ার পর দ্বিতীয় মেয়াদে চেলসির কোচ হন মরিনিয়ো। সেখানে প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় শিরোপা জেতেন তিনি। সঙ্গে ২০১৪-১৫ মৌসুমে ঘরে নেন লিগ কাপ।
পারস্পারিক সমঝোতায় ২০১৫ সালে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়েন মরিনিয়ো। ২০১৬ সালে তিন বছরের চুক্তিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে ইউরোপা লিগ, লিগ কাপ ও কমিউনিটি শিল্ড জেতেন তিনি। দলের টানা ব্যর্থতায় ২০১৮ সালের ডিসেম্বর ছাঁটাই হন তিনি।
এর বাইরে টটেনহ্যাম হটস্পার, সেরি আর ক্লাব রোমায় কোচিং করান মরিনিয়ো। এখানেই ২০২২ সালে জেতেন কনফারেন্স লিগ। বেনফিকায় যোগ দেওয়া আগে সবশেষ তিনি ছিলেন ফেনেরবাচের কোচ।