এত ভালো আগে কখনও লাগেনি হলান্ডের
মৌসুমের শুরুতেই ১১ ম্যাচে ১৮ গোল করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
গোলের নেশা আর্লিং হলান্ডের নতুন কিছু নয়। রেকর্ড তো গড়ে ফেলেছেন কতই। কিন্তু তার নিজের সেই মানদণ্ডেও চলতি মৌসুমের শুরুটা হয়েছে অবিশ্বাস্য। মাঠে এমন পারফরম্যান্সে ফুটে উঠছে মূলত তার ভেতরের ছবিটাই। অসাধারণ ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড বলছেন, জীবনে এত ভালো সময় আগে কাটেনি তার।
হলান্ডের গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ব্রেন্টফোর্ডের মাঠে জয় পায় ম্যানচেস্টার সিটি। এই নিয়ে চলতি লিগে তার ৯ গোল হয়ে গেল ৭ ম্যাচেই। ৬টির বেশি গোল করতে পারেননি আর কেউ।
জাতীয় দল ও ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের পরিসংখ্যান চোখধাঁধানো; ১৮টি গোল এর মধ্যে করে ফেলেছেন স্রেফ ১১ ম্যাচ খেলেই।
এর মধ্যে গোল করেছেন টানা ৯ ম্যাচে, তার ক্যারিয়ারে যা টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার কীর্তি।
ব্রেন্টফোর্ডে জয়ের পর হলান্ড বললেন, শারীরিক ও মানসিক প্রস্তুতিই তাকে এমন অপ্রতিরোধ্য করে তুলেছে।
“এখনকার মতো এত ভালো আগে কখনও লাগেনি আমার।”
“মূল ব্যাপারটি প্রস্তুতির। ম্যাচের জন্য সঠিকভাবে প্রস্তুত হওয়া। শারীরিকভাবে প্রস্তুত তো হতেই হয়, মানসিকভাবে তৈরি হওয়াও জরুরি।”
গোলের রথ ছুটিয়েই ইংলিশ ফুটবলে পথচলা শুরু করেছিলেন হলান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমেই তিনি গড়েছিলেন গোলের রেকর্ড। এর মধ্যে স্রেফ প্রিমিয়ার লিগেই ছিল ৩৬ গোল।
পরের মৌসুমে তিনি করেন ২৭ গোল। সবশেষ মৌসুমে লিগে তার গোল নেমে আসে ২২টি। ক্রমোবনতির এই ধারায় দুর্ভাবনার জায়গা ছিল বৈকি। তবে এই মৌসুমের শুরুতে সব দূর হয়ে গেছে।
হলান্ড বললেন, গত বছর সন্তানের জন্ম হওয়াও তাকে আরও পরিশীলিত করে তুলেছে। ফুটবল থেকে দূরে থেকেই ফুটবলে আরও বেশি জ্বলে ওঠার রসদ পেয়েছেন ২৫ বছর বয়সী তারকা।
“এখন বাচ্চা থাকায় আগের চেয়ে অনেক ভালো সময় কাটাচ্ছি। কারণ, (মাঠের বাইরে থাকার সময়) যে কোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে থাকি… ফুটবল নিয়ে একটুও ভাবি না।”
“বয়স যখন কম থাকে, তখন ফুটবল নিয়ে সবসময়ই ভাবনা থাকে এবং অনেক কিছুই তখন মাথায় আসতে থাকে। কিন্তু এখন বাড়িতে ফিরে অনেক রিল্যাক্সড থাকি। আমার ছেলেকে তাই কৃতিত্ব দিতেই হবে!।”
