'সাউথগেটের ঢালাও সমালোচনা ঠিক নয়'
বিশ্বকাপে ইংল্যান্ড কোচের প্রতি সবার সমর্থন চান ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
বিশ্বকাপ শুরুর আগের কয়েক মাসে ইংল্যান্ডের একের পর এক মলিন পারফরম্যান্স চাপে ফেলে দিয়েছে দলটির কোচ গ্যারেথ সাউথগেটকে। কঠিন সময়ে তার সমর্থনে এগিয়ে এলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এভারটন কোচ মনে করেন, একতরফাভাবে সাউথগেটের সমালোচনা করা ঠিক নয়।
২০১৬ সালে ইংল্যান্ডের কোচ হন সাউথগেট। তার কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলা ইংলিশরা গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হয় রানার্সআপ।
বছরের বাকি অংশেও দারুণ ফুটবল খেলে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ইংল্যান্ড। গত মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই জয় পায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এরপর থেকে ইংল্যান্ডের উল্টো পথে যাত্রা শুরু। গত জুনে নেশন্স লিগের গ্রুপ পর্বে চার ম্যাচ খেলে দুটিতে হারে তারা, ড্র করে অন্য দুটি ম্যাচ। এরপর চলতি মাসে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ইতালির বিপক্ষে হার ও জার্মানির সঙ্গে ড্র করে গ্রুপে তলানিতে থেকে আসর থেকে বিদায় নেয় ইংল্যাড। ফলে পরের আসরে তাদের খেলবে হবে ‘বি’ লিগে।
২০১৪ সালের জুনের পর এই প্রথম টানা ছয় ম্যাচে জয়হীন ইংল্যান্ড। কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে আর দেড় মাসের মতো বাকি। এই সময় তাদের এমন বিবর্ণতা ও সাউথগেটের কোচিং নিয়ে চারদিকে হচ্ছে কঠোর সমালোচনা।
প্রিমিয়ার লিগে আগামী শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে খেলবে এভারটন। এর আগে সংবাদ সম্মেলনে সাউথগেট প্রসঙ্গে ল্যাম্পার্ড বলেন, সমালোচনা হতেই পারে, তবে সেটা গঠনমূলক হওয়া উচিত।
“আমি মনে করি, কিছু ক্ষেত্রে এটি (সমালোচনা) তার প্রতি নিষ্ঠুরতা। … সকলেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে। ইংল্যান্ডের (কোচের) দায়িত্বে সবসময় চাপ থাকে।”
“আমি এখানে বসে বলতে চাই না যে মানুষ সমালোচনা করতে পারবে না। আমার মতে, (সমালোচনা) যদি গঠনমূলক হয় এবং মানুষ যৌক্তিক মতামত দেয়, তাহলে খুব ভালো।”
ইংল্যান্ডর সাবেক তারকা মিডফিল্ডার ল্যাম্পার্ড মনে করেন, বৈশ্বিক আসরের আগে মতভেদ ভুলে সবার উচিত সাউথগেটের পাশে থাকা, দলকে সমর্থন দেওয়া।
সাউথগেটের সমালোচনার একটি হলো তার ‘সাবধানী’ খেলার ধরণ নিয়ে। ৪৪ বছর বয়সী ল্যাম্পার্ড অবশ্য এতে কোনো সমস্যা দেখছেন না। তিনি মনে করেন, প্রত্যেক কোচের নিজস্ব স্টাইল রয়েছে এবং সবার উচিত তার সম্মান করা। তুলে ধরলেন ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের উদাহরণ।
“সেই দুর্দান্ত ফরাসি দলটির কথা মনে পড়ছে আমার, যারা সত্যিকারের সুন্দর ফুটবল না খেলেই গত বিশ্বকাপ জিতেছিল। আধুনিক ফুটবলে ম্যাচ জেতার জন্য অনেক ভিন্ন ধাচের স্টাইল এবং ছোট ছোট উপায় রয়েছে।”
“আমি মনে করি, ইরান বা যুক্তরাষ্ট্রের বিপক্ষে দল কীভাবে খেলবে এবং টুর্নামেন্টের পরের ধাপে আমরা উঠলে সেখানে অন্য ধারার ফুটবল খেলা দলগুলোর বিপক্ষে ইংল্যান্ড কী কৌশলে খেলবে, তা পুরোপুরি সাউথগেটের সিদ্ধান্ত।”
আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে। যুক্তরাষ্ট্র ছাড়া এই গ্রুপের আরেক দল ওয়েলস।
