Published : 12 May 2026, 06:41 PM
দুই পক্ষের সমঝোতায় পৌঁছার খবর সংবাদমাধ্যমে এসেছিল আগেই। এবার নিশ্চিত করে দিলেন হান্সি ফ্লিক। ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন এই জার্মান কোচ।
বার্সেলোনার কঠিন সময়ে ২০২৪ সালের মে মাসে কোচ হয়ে আসেন ফ্লিক। তখন দুই বছরের চুক্তি করেন তিনি। এখানে প্রথম মৌসুমেই দলকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতান সাবেক বায়ার্ন মিউনিখ কোচ। সেবার চ্যাম্পিয়ন্স লিগে দলকে নিয়ে যান সেমি-ফাইনালে।
তার কোচিংয়ে এই মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। কোপা দেল রের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটির চ্যাম্পিয়ন্স লিগ অভিযান থেমেছে কোয়ার্টার-ফাইনালে।
কাম্প নউয়ে গত রোববার রেয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে, তিন ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। পরদিন ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করে তারা সাড়ে সাত লাখ সমর্থকের সামনে।
গত মৌসুম শেষে বার্সেলোনায় চুক্তির মেয়াদ এক বছর বাড়ান ফ্লিক। সেটা যে আরও এক বছর বাড়ছে, তা মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান দুই বছরে পাঁচ শিরোপা জয়ী কোচ।
“গত কয়েকদিনে আমাকে বেশ কিছু কাজ করতে হয়েছে। আমি খুব খুশি, এটা আমাকে আরও এক বা দুই বছর কাজ চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জোগাবে। আমার মনে হয়, অনেক কোচই তিন বা চার বছরের চুক্তি করলে খুব খুশি হন। কিন্তু বার্সার ক্ষেত্রে বিষয়টি সীমিত রাখাই ভালো।”
“আমরা ২০২৮ সাল পর্যন্ত চালিয়ে যাব এবং সবকিছু ঠিকঠাক চললে, আমরা আরও এক বছরের জন্য চুক্তি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেব।”
লা লিগায় পরের ম্যাচে আগামী বুধবার আলাভেসের মাঠে খেলবে বার্সেলোনা।