২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুবই বাজে খেলোয়াড় ছিলাম’, নিজেকে নিয়ে মরিনিয়োর রসিকতা

ফেনেরবাচের এক ডিফেন্ডারের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে এমন কথা বললেন এই পর্তুগিজ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 05:38 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

এজন্যই তিনি স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’! আরও অনেক কিছুর মতো নিজেকে নিয়ে রসিকতাও করতে পারেন। জোসে মরিনিয়ো এবার যেমন, এক শিষ্যের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে নিজের খেলোয়াড়ি সময়ের দিকে পিছু ফিরে তাকালেন এবং অকপটে বললে, ভীষণ বাজে খেলোয়াড় ছিলাম!

নিজেকে নিয়ে মরিনিয়োর এমন মজা করার নেপথ্যের কারণ জেইডেন ওস্টারওল্ড। গত বৃহস্পতিবার ইউরোপা লিগে টোয়েন্টির বিপক্ষে ফেনেরবাচের ১-১ ড্র ম্যাচে খেলেন এই লেফট-ব্যাক। তার পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে মরিনিয়ো পেড়ে বসেন খেলোয়াড় হিসেবে তিনি কেমন ছিলেন, সেটা।

“আমি জানি না, আপনি (প্রশ্নকারী) ফুটবল খেলেছেন কিনা। আমি খেলেছি। নিচু স্তরে। ভীষণ বাজে খেলোয়াড় ছিলাম, কিন্তু আমি খেলেছি।”

“যখন আপনি একটা হলুদ কার্ড পাবেন এবং আপনি একজন ডিফেন্ডার, তখন আপনি বিপদে আছেন। জেইডেন একটা হলুদ কার্ড পায় দ্বাদশ মিনিটে এবং ভালো একটা প্রতিপক্ষের বিপক্ষে তার আরও ৭৫ মিনিট খেলতে হয়েছে। ম্যাচটা ঘরের বাইরে এবং একটা হলুদ কার্ড আছে; তো বন্ধু, আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, এটা সহজ নয়। মানে হচ্ছে, জেইডেন ভালো পারফরম করেছে এবং ভালো একটা দলের বিপক্ষে ১ পয়েন্ট পেয়েছি আমরা।”

মরিনিয়ো পর্তুগালের নিচের দিকের লিগে খেলেছেন। ছিলেন মিডফিল্ডার। তবে মাত্র ২৪ বছর বয়সে খেলার পাঠ চুকিয়ে দিয়ে কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করেন। 

বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রেয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, রোমার মতো ক্লাব ঘুরে ৬১ বছর বয়সী মরিনিয়ো বর্তমানে ফেনেরবাচের কোচ।