Published : 03 Apr 2026, 05:39 PM
আন্তর্জাতিক বিরতিতে কোনো খেলোয়াড় চোট না পাওয়ায় একটা শঙ্কা কেটেছে আলভারো আরবেলোয়ার। এবার তার মনোযোগ সামনের চ্যালেঞ্জে। ছয় দিনের একটু বেশি সময়ের মধ্যে খেলতে হবে তিনটি ম্যাচ। নতুন করে কেউ মাঠের বাইরে ছিটকে না যাওয়ায় আপাতত এসব ম্যাচ নিয়ে নিরুদ্বিগ্ন তিনি।
আন্তর্জাতিক বিরতির পর লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফিরছে রেয়াল। শনিবার মায়োর্কার মাঠে খেলবে তারা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। আর ১০ এপ্রিল ঘরের মাঠে লা লিগায় খেলবে জিরোনার বিপক্ষে।
২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে রেয়াল। শিরোপাধারী বার্সেলোনার চেয়ে দলটি পিছিয়ে ৪ পয়েন্টে। আর চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের সফলতম দলটির লড়াই কোয়ার্টার-ফাইনালে।
মৌসুমের এই পর্যায়ে কোনো ম্যাচকে কম গুরুত্ব দেওয়ার মতো পরিস্থিতি নেই। তাই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর প্রশ্নে তিন ম্যাচেই সম্ভাব্য সেরা দল খেলানোর কথা বললেন রেয়াল কোচ।
“আমার ম্যাচ জিততে হবে, আমি সেরা দল খেলানোর পরিকল্পনা করছি। আমি সবসময়ই এটা করি। আমাদের ৬ দিনের মধ্যে তিন ম্যাচ খেলতে হবে। তিন দলই উচু মানের। এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত ভুল করার কোনো সুযোগ নেই। এটাই বাস্তবতা। লা লিগায় নেই, চ্যাম্পিয়ন্স লিগেও নেই।”“আগামীকাল আমরা সম্ভাব্য সেরা দল নামাব। আমি মঙ্গলবার আবার একই কাজ করব এবং শুক্রবার আবার করব। এটা পরিষ্কার যে, অল্প দিনের মধ্যে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। তবে আমাদের স্কোয়াড অসাধারণ সব খেলোয়াড়ে পূর্ণ। আমি সবসময়ই তাদের যা বলি, ওদের সবাইকে আমাদের প্রয়োজন হবে।”