দ্বিতীয়ার্ধের খেলায় সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ
তবে সেল্তা ভিগোর বিপক্ষে ৩ পয়েন্ট পাওয়ায় খুশি শাভি এর্নান্দেস।
সেল্তা ভিগোর বিপক্ষে দলের ভোগান্তি মোটেও পছন্দ হয়নি শাভি এর্নান্দেসের। তবে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট পাওয়ায় খুশি বার্সেলোনা কোচ। তার মতে, দল যখন ভালো খেলে না তখন যেভাবেই হোক জয় পাওয়া বেশি গুরুত্বপূর্ণ।
কাম্প নউয়ে গত রোববার পেদ্রির একমাত্র গোলে জিতেছে বার্সেলোনা। লা লিগায় টানা সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে দলটি। গোল পার্থক্যে তাদের চেয়ে পিছিয়ে দুই নম্বরে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে সপ্তদশ মিনিটে এগিয়ে যাওয়ার পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মলিন হয় বার্সেলোনা পারফরম্যান্স। দ্বিতীয়ার্ধে সেল্তা বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
এ নিয়ে টানা দুই ম্যাচে ১-০ গোলে জিতল বার্সেলোনা। এর আগে চলতি মাসের শুরুতে আগের জয় এসেছিল রিয়াল মায়োর্কার বিপক্ষে।
সেল্তা ম্যাচের পর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ডাজন নেটওয়ার্কের সঙ্গে আলাপচারিতায় শাভি বলেন, এমন ম্যাচে ফল পক্ষে রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
“আজ আমাকে কড়া আত্নসমালোচনা করতে হবে। প্রথমার্ধ ভালো ছিল, দ্বিতীয়ার্ধে আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করা বন্ধ করে দিই। মনস্তাত্ত্বিকভাবে আমরা পিছিয়ে পড়ি।”
“দল যখন ভালো খেলবে না তখন তিন পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। আমরা টানা সাত ম্যাচ জিতেছি। আমাদের ইতিবাচক দিকগুলো দেখতে হবে। একটা দুর্দান্ত পারফরম্যান্স না আসা পর্যন্ত এমন ম্যাচগুলো আমাদের উতরে যেতে হবে।”
লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে ক্লাসিকোয় রিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে শাভিকে অনুপ্রেরণা যোগাচ্ছে গত মৌসুমে রিয়ালের ঘরের মাঠে ক্লাসিকোতে তাদের অনবদ্য পারফরম্যান্স। কার্লো আনচেলত্তির দলকে বার্সেলোনা উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে।
“ক্লাসিকো সবসময় অননুমেয়। গত বছর (২০২১-২২ মৌসুমে) আমরা খারাপ ফর্ম সঙ্গী করে খেলতে এসেছিলাম এবং তবুও আমরা ৪-০ ব্যবধানে জিতেছিলাম। আমরা গতবারের মতো জেতার এবং দৃঢ়তা দেখানোর চেষ্টা করব।"
ক্লাসিকোর আগে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের বিপক্ষে খেলবে শাভির দল।
