পরাজয়ের পর রেফারির ওপর ক্ষুব্ধ বার্সেলোনা কোচ
‘রেফারিকে নিয়ে কথা বলতে পছন্দ করি না’, এটুকু বলেও রেফারিং নিয়ে অভিযোগ করলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
বিদায়ের হতাশা আছে। দলকে নিয়ে গর্ব আছে। পরের বছরের জন্য আশাও আছে। আর আছে ক্ষোভ। ইন্টার মিলানের কাছে হেরে সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর রেফারির দিকে আঙুল তুললেন হান্সি ফ্লিক। ‘রেফারিকে নিয়ে কথা বলতে পছন্দ করি না’, এটুকু বলেও বার্সেলোনা কোচ অভিযোগ তুললেন রেফারিং নিয়ে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে দুই লেগে অবিস্মরণীয় লড়াইয়ের পর বাদ পড়ে যায় বার্সেলোনা। রোমাঞ্চকর লড়াইয়ে প্রথম লেগ শেষ হয়েছিল ৩-৩ গোলে। দ্বিতীয় লেগে মঙ্গলবার আরও উত্তেজনা ছড়িয়ে রোমাঞ্চের পারদ চূড়ায় নিয়ে অতিরিক্ত সময়ের গোলে ইন্টার জিতে যায় ৪-৩ গোলে।
চলতি মৌসুমে ফ্লিকের কোচিংয়ে অসাধারণ খেলতে থাকা বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন ভেঙে গেল দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের এই পরাজয়ে। ম্যাচের পর হতাশা প্রকাশের পাশাপাশি বার্সেলোনা কোচ কাঠগড়ায় দাঁড় করান রেফারিকে।
“আমি জানি, সবাই হতাশ। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু… রেফারিকে নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, তবে প্রতিটি ৫০-৫০ সিদ্ধান্ত ওদের (ইন্টার) পক্ষে গেছে।”
“আমি হতাশ অবশ্যই, তবে আমার দলকে নিয়ে নই। ওরা সবটুকু চেষ্টা করেছে। যা হওয়ার হয়ে গেছে। আমরা বাদ পড়েছি। পরের বছর চেষ্টা করব সমর্থকদের খুশি করতে।”
এই ম্যাচের রেফারি ছিলেন সিমন মার্চিনিয়াক, যাকে মনে করা হয় বিশ্বের সেরা রেফারিদের একজন। পোলিশ এই রেফারি ২০২২ বিশ্বকাপের ফাইনাল, ২০২৩ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ২০১৮ উয়েফা সুপার কাপ ফাইনালসহ অনেক বড় ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ ও ২০২৩ সালে তিনি জিতেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের সেরা রেফারির পুরস্কার।
তবে এই ম্যাচে তার রেফারিংয়ে অসন্তুষ্টি আবারও ফুটে উঠল ফ্লিকের কণ্ঠে। সেটা তিনি সরাসরি রেফারিকে বলেছেন বলেও জানালেন।
“এই বিদায় আমাকে কষ্ট দিচ্ছে… আমার দল দারুণ খেলেছে। দল নিয়ে আমি গর্বিত, সবটুকু উজাড় করে দিয়েছি আমরা। কখনও কখনও ব্যাপারটি এরকমই, কিছু কিছু ব্যাপার কিছুটা অন্যায্য মনে হয়। রেফারির কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি, তবে সেসব মেনে নিতেই হবে।”
“রেফারিকে নিয়ে কথা বলতে পছন্দ করি না… আমার যা মনে হয়েছে, তাকেই (রেফারি) বলেছি। তাকে কী বলেছি, তা এখানে বলতে চাই না…। রেফারিকে নিয়ে হয়তো একটু বেশিই বলে ফেলেছি। ইন্টারকে শুভেচ্ছা, তারা দুই লেগেই ভালো খেলেছে। ফাইনালে তাদের জন্য শুভকামনা।”
বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রির কণ্ঠেও ছিল কোচের কথার প্রতিধ্বনি।
“উয়েফার উচিত এই রেফারিকে খতিয়ে দেখা, কিছু ব্যাপার আমরা বুঝতে পারিনি…।”
সেমি-ফাইনালে থমকে গেলেও এই মৌসুমে বার্সেলোনার পুনর্জাগরণ হয়েছে বলা যায়। তরুণ দলটির খেলা মুগ্ধ করেছে অনেকেকে। তবে এটুকুতে মন ভরছে না ফ্লিকের। তার চোখ যে ছিল ট্রফিতে!
“যে সম্মান এই দল ও ফুটবলাররা পাচ্ছে, তা তাদের প্রাপ্য। তবে আমরা খেলছি শিরোপার জন্য। ট্রফি জিততে চাই আমরা। পরের মৌসুমে আমরা তা করতে চাই। এটা আমাদের লক্ষ্যগুলোর একটি। চ্যাম্পিয়ন্স লিগে আগামী মৌসুমে আবার একই লক্ষ্যে ছুটব আমরা।”
প্রথম লেগে দুই গোলে পিছিয়ে পড়েও পরে ঘুরে দাঁড়িয়েছিল বার্সেলোনা। সেই লড়াই পরে সমতায় শেষ হয়েছিল। এবারও শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পর তারা ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।
নিজেদের রক্ষণের সেই ঘাটতি মানছেন ফ্লিক। কৃতিত্ব দিচ্ছেন প্রতিপক্ষকেও।
“অবশ্যই আমরা আরও ভালো করতে পারতাম (রক্ষণভাগে)। তবে ইন্টারের স্ট্রাইকাররা খুবই ভালো। তারা বল পায়ে রাখতে পারে। তারা খুবই শক্তিশালী এবং দারুণ অভিজ্ঞও।”
“আমাদের দলটা তরুণ। আমরা আরও উন্নতি করব অবশ্যই। এটাই আমাদের কাজ, দলটাকে ভালো থেকে আরও ভালো করে তোলা। রক্ষণে যেমন আমরা উন্নতি করতে পারি, তেমনি আক্রমণেও।”
