১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কান্নাভেজা বিদায়ের পর ইয়ামাল শোনালেন ট্রফির প্রতিশ্রুতি

পরের মৌসুমে সেরা রূপে ফিরে আসার প্রতিজ্ঞার কথা বললেন বার্সেলোনার তরুণ তারকা।

কান্নাভেজা বিদায়ের পর ইয়ামাল শোনালেন ট্রফির প্রতিশ্রুতি
ম্যাচের পর ইয়ামালকে সান্ত্বনা দিচ্ছেন থুরাম। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 03:14 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

কখনও ফিনিশিং নিখুঁত হলো না। কখনও বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সমের। বারবার গোলের কাছে গিয়েও শেষ পর্যন্ত জালের দেখা পেলেন না লামিনে ইয়ামাল। দলকেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো। তার হতাশা বেরিয়ে এলো চোখের জল হয়ে। তবে কষ্ট চাপা দিয়ে বার্সেলোনার তরুণ তারকা শোনালেন প্রতিজ্ঞার কথাও। পরের মৌসুমে ফিরবেন তারা আবার দুর্দান্ত রূপে।

ইন্টার মিলানের বিপক্ষে প্রথম লেগে ইয়ামালের পারফরম্যান্স ছিল স্বপ্নের মতো। জাদুকরি ফুটবল দিয়ে তিনি মুগ্ধতার জাল বিছিয়ে ছিলেন সেদিন। দারুণ একটি গোলও করেছিলেন। দ্বিতীয় লেগেও মঙ্গলবার আরও একটি অসাধারণ প্রদর্শনী তিনি মেলে ধরেন। তবে এ দিন গোলের দেখা পাননি।

উতুঙ্গ রোমাঞ্চের ম্যাচটিতে নানা নাটকীয়তার পর ৪-৩ গোলে হেরে যায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে যায় ইন্টার মিলান।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর ইয়ামালকে দেখে মনে হচ্ছিল বিধ্বস্ত। হতাশায় নুয়ে পড়েছিলেন যেন। চোখের জল আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারেননি। তাকে সান্ত্বনা দেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস থুরাম। 

হতাশ লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

হতাশ লামিনে ইয়ামাল

তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পর অবশ্য ক্রমে নিজেকে সামলে নেন ইয়ামাল। পরে সামাজিক মাধ্যমে তুলে ধরেন স্বপ্নের পথে ছোটার প্রতিজ্ঞা। 

“এই ক্লাবের জায়গা প্রাপ্য শীর্ষে এবং সেখানে পৌঁছে না দিয়ে আমরা থামব না। প্রতিশ্রুতি রক্ষা করব আমি এবং এটা (চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি) নিয়ে আসব বার্সেলোনায়… এটা অর্জন না করা পর্যন্ত আমরা থামব না।”

“আজকে আমরা সবটুকু উজাড় করে দিয়েছি। এই বছর হলো না, তবে আমরা ফিরে আসব সেরা রূপ ধারণ করে, এটা নিয়ে কোনো সংশয় নেই।”

চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও ট্রেবল স্বপ্ন ভেঙে যাওয়ার পর বার্সেলোনার চোখ এখন লা লিগার শিরোপা পুনরুদ্ধারের দিকে। সেই অভিযানে আগামী রোববার তাদের সামনে বড় প্রতিবন্ধকতা রেয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেই লড়াইয়ে তাকিয়ে এখন ইয়ামাল। 

“রোববার আমাদের আরেকটি ফাইনাল। আমাদের একতাবদ্ধ থাকতে হবে।”

ট্রেবল স্বপ্ন ভেঙে যাওয়ার পর ক্লাসিকোয় তাকিয়ে বার্সেলোনা

'হৃদয় দিয়ে' লড়ে বার্সেলোনাকে বিদায় করেছে ইন্টার মিলান

'অবিশ্বাস্য ম্যাচ, স্পেশাল সেভ', সমের যেন সান সিরোর মহাপ্রাচীর

পরাজয়ের পর রেফারির ওপর ক্ষুব্ধ বার্সেলোনা কোচ