Published : 27 Jan 2026, 05:29 PM
প্রায় এক যুগ আগের কথা, অসাধারণ পারফরম্যান্সে রেয়াল মাদ্রিদের ‘লা দেসিমা’ (দশম চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের নায়কদের একজন ছিলেন আনহেল দি মারিয়া। সেই তাকেই কিনা পরের কয়েক মাসের মধ্যে দল ছাড়তে হয়েছিল। তখন অবশ্য কাঠগড়ায় তোলা হয়েছিল তাকেই। তবে সেসবই যে ছিল মিথ্যা, তা জানালেন আর্জেন্টাইন তারকা।
সাফল্যে ভরা ক্যারিয়ারে মোট ছয়টি ক্লাবে খেলেছেন দি মারিয়া। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সময় খেলেছেন রেয়ালের জার্সিতে। সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন পিএসজির হয়ে; তবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় শিরোপা হিসেবে বিবেচিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিতেছেন মাদ্রিদের দলটির হয়ে।
ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে রেকর্ড চ্যাম্পিয়ন রেয়াল তাদের নবম শিরোপা জিতেছিল ২০০১-০২ মৌসুমে। এরপর, ১২ বছরের অপেক্ষা শেষে ২০১৪ সালের মে মাসে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে আবার এই ট্রফি উঁচিয়ে ধরেছিল দলটি।
লিসবনের সেই ফাইনালে কোনো গোল পাননি দি মারিয়া; কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে তিনিই ছিলেন ম্যাচ সেরা। দলের সেদিনের নায়ক কদিনের মধ্যেই যেন হয়ে পড়েন ব্রাত্য। ওই বছরের অগাস্টে তাকে দলও ছাড়তে হয়েছিল, যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
এএস’কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারের বর্ণাঢ্য ক্যারিয়ারে নানা দিক, নানা সময় নিয়ে কথা বলেছেন দি মারিয়া। তারই ফাঁকে উঠে এলো সেই কঠিন সময়ের কথা। সেদিন যে কষ্ট পেয়েছিলেন, তা আজও তার মন থেকে মুছে যায়নি।
“হ্যাঁ (কষ্ট পেয়েছিলাম), কারণ আমি তখন দল ছেড়ে যেতে চাইনি। বলা হয়েছিল, আমি নাকি ক্রিস্তিয়ানোর সমান বেতন-বোনাস চেয়েছিলাম; সেটা মিথ্যা ছিল। যে অনেকগুলা ব্যালন দ’র জিতেছে, তার সমান আয় আমি কিভাবে চাইতে পারি?”
“আমি বরং খুব খুশি ছিলাম, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম এবং (রেয়ালের ওই সময়ের কোচ) কার্লো আনচেলত্তিও চাননি, আমি চলে যাই। কিন্তু হামেস (রদ্রিগেস) দলে আসে এবং চলে যাওয়ার মতো আমিই ছিলাম।”
রেয়ালের হয়ে ওই চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও, একটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং একটি করে স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন দি মারিয়া। ইউনাইটেডে গিয়ে অবশ্য থিতু হতে পারেননি তিনি। পরের বছরই চলে যান পিএসজিতে।
ফরাসি ক্লাবটিতে পাঁচটি লিগসহ অনেক শিরোপা জয় করেন দি মারিয়া।
আর জাতীয় দলের হয়ে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জিতে ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই তারকা মিডফিল্ডার। বর্তমানে শৈশবের ক্লাব রোজারিও সেন্ত্রালে খেলছেন ৩৭ বছর বয়সী দি মারিয়া।