২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্ষণ আমি সামলাব?’ আলভারেস-মার্তিনেসের একসঙ্গে খেলা প্রসঙ্গে স্কালোনি

কানাডার বিপক্ষে গোল পাওয়া দুই স্ট্রাইকারের একসঙ্গে খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 03:10 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

একজন মাঠে থাকেন তো আরেক জন বেঞ্চে। কখনও শুরুর একাদশে থাকেন লাউতারো মার্তিনেস, কখনও হুলিয়ান আলভারেস। আর্জেন্টিনার হয়ে দুই জনের একই সঙ্গে মাঠে থাকা খুবই বিরল। কানাডার বিপক্ষে দুই জনই গোল পাওয়ার পর প্রশ্নটা উঠল আবারও। দুই স্ট্রাইকার কি এক সঙ্গে খেলতে পারেন?

আটলান্টায় বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোপা আমেরিকার উদ্বোধনী ম‍্যাচে কানাডাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে আলভারেস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব‍্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস। জাতীয় দলের হয়ে প্রথমবার দুই স্ট্রাইকার গোল পেলেন একই ম‍্যাচে।   

বেশিরভাগ সময় ৪-৩-৩ ফর্মেশনে খেলান স্কালোনি। আক্রমণে লিওনেল মেসির দুই পাশে থাকেন দুইজন। বেশিরভাগ সময় একপাশে আনহেল দি মারিয়া আরেক পাশে আলভারেস কিংবা মার্তিনেস। 

দলকে এগিয়ে নেওয়া গোলে দীর্ঘ খরা কাটান আলভারেস। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালের পর এটাই জাতীয় দলের হয়ে তার প্রথম গোল। সেরি আর শীর্ষ গোলদাতা ও মৌসুমের সেরা খেলোয়াড় মার্তিনেস সবশেষ ম‍্যাচেও করেন জোড়া গোল। 

কানাডা ম‍্যাচ শেষে স্কালোনির সংবাদ সম্মেলনে আসন্ন ম‍্যাচগুলোতে এই দুই জনকে একই সঙ্গে একাদশে রাখা নিয়ে প্রশ্ন উঠল। সেখানে মজা করেই উত্তর দিলেন আর্জেন্টিনা কোচ।

“আমরা ভারসাম‍্যকে গুরুত্ব দেই। আমরা এমন একটা দল, যাদের এই ভারসাম‍্য প্রয়োজন। তাদের দুই জনকে এক সঙ্গে কে খেলাতে না চাইবে? ওদের সঙ্গে লিও (মেসি), আনহেল (দি মারিয়া)। আর রক্ষণ আমি সামলাব?”

“এটা বাস্তবতা আর ওরা সেটা বোঝে। এটা কঠিন, কারণ দুই জনই শীর্ষ পর্যায়ের ফরোয়ার্ড। একজন গেলে আরেকজন আসে। আপনার কাছে কোনো সমাধান থাকলে আমাকে জানালে ভালো হয়।” 

পরে স্কালোনির সঙ্গে আলাপচারিতার সময় আবার প্রসঙ্গটা সামনে আনেন সাংবাদিকরা। এবারও মজা করার সুযোগ ছাড়েননি বিশ্বকাপজয়ী কোচ।

“পুরো টুর্নামেন্ট এভাবেই যাবে। আশা করি, ফাইনাল পর্যন্ত ব‍্যাপারটা এমনই থাকবে। যদি অদ্ভূত কিছু না ঘটে সব সংবাদ সম্মেলনে আপনারা প্রশ্নটা করতে পারবেন।”