৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জর্ডান ম্যাচে ‘ভালো কিছুর’ আশায় বাংলাদেশ

শক্তিশালী ইন্দোনেশিয়াকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার আত্মবিশ্বাস জর্ডান ম্যাচে কাজে লাগাতে উন্মুখ ঋতুপর্ণা-আফঈদারা।

জর্ডান ম্যাচে ‘ভালো কিছুর’ আশায় বাংলাদেশ
জর্ডান ম্যাচ সামনে রেখে মূল প্রস্তুতি মেয়েরা শুরু করবে সোমবার। এদিন রিপা-আফঈদারা সময় কাটিয়েছেন কেবল সুইমিংপুল ও জিমনেশিয়ামে। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও জর্ডানের ব্যবধান ৫৯ ধাপ। ২০২১ সালের মুখোমুখি স্মৃতিও বাংলাদেশের জন্য চরম হতাশার। কিন্তু এবার আশায় বুক বাঁধছে মেয়েরা। শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে জর্ডানের বিপক্ষে ভালো ফল পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আম্মানের কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। চার বছর আগে উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে জর্ডানের বিপক্ষে ৫-০ গোলে উড়ে গিয়েছিল তারা।

মিয়ানমারে জুন-জুলাইয়ের উইমেন’স এশিয়ান কাপের বাছাই সামনে রেখে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলে প্রস্তুতি পরখ করে নিতে চেয়েছিলেন পিটার জেমস বাটলার। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ র‌্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে গোলশুন্য ড্রয়ে রুখে একদফা পরখ করে নিয়েছেন। প্রথম প্রীতি ম্যাচে দলের পারফম্যান্স তার চোখে এক কথায় ‘ব্রিলিয়ান্ট’।

জর্ডান পরীক্ষার প্রস্তুতিতে নামার আগে রোববার মেয়েদের বিশ্রাম দিয়েছেন বাটলার। সুইমিংপুলে এবং জিমনেশিয়ামে যা একটু ঘাম ঝরিয়েছেন মেয়েরা। সোমবার থেকে শুরু হবে মূল প্রস্তুতি। অধিনায়ক আফঈদা খন্দকার জানালেন, ইন্দোনেশিয়া ম্যাচের প্রাপ্তিতে তাদের আত্মবিশ্বাসের পারদ এখন উঁচুতে।

“ইন্দোনেশিয়ার বিপক্ষে জেতার লক্ষ্য ছিল আমাদের। কিন্তু আল্লাহ যা চেয়েছে, তাই হয়েছে। ড্র করেছি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা এটাতে খুশি। কোচ যেভাবে আমাদের গেম প্ল্যান বলেছিলেন, আমরা আক্রমণভাগে, রক্ষণে সেভাবে খেলতে পেরেছি।”

“আজকে আমাদের রিকভারি, জিম, সুইমিং ছিল। আজ পুরো বিশ্রাম। জর্ডানের বিপক্ষে পরের ম্যাচের জন্য আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করব। ইনশাল্লাহ ভালো কিছু হবে।”