চুক্তি বাতিল করতে সম্মত বার্সেলোনা-রোমেউ
খেলোয়াড়দের নিবন্ধন করাতে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ভোগান্তির মাঝে এই খবর দিল স্পেনের বিভিন্ন গণমাধ্যম।
কয়েক দিনের আলোচনার পর চুক্তি বাতিল করতে ‘সম্মত হয়েছে’ বার্সেলোনা ও ওরিওল রোমেউ। আনুষ্ঠানিক কোনো ঘোষণা অবশ্য আসেনি এখনও। খেলোয়াড়দের নিবন্ধনে বার্সেলোনার ভোগান্তির মধ্যে বৃহস্পতিবার এই খবর জানাল স্প্যানিশ গণমাধ্যম।
আগামী জুনে ডিফেন্সিভ মিডফিল্ডার রোমেউয়ের সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। আগেভাগেই এর ইতি টানায় জেরার্দ মার্তিন বা রুনি বার্দগির মধ্যে যে কোনো একজনকে নিবন্ধন করাতে পারবে কাতালান ক্লাবটি। এছাড়া গোলরক্ষক ইনাকি পেনিয়া ধারে এলচেতে যোগ দেওয়ায় ভয়চেখ স্ট্যান্সনির নিবন্ধনের পথ খুলেছে, তবে এখনও আনুষ্ঠানিকতা সারেনি বার্সেলোনা।
আগামী রোববার রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। তার আগে অন্তত দুই জন খেলোয়াড়ের নিবন্ধন সারতে পারবে হান্সি ফ্লিকের দল।
বার্সেলোনার যুব একাডেমিতে বেড়ে ওঠা রোমেউয়ের সিনিয়র দলে অভিষেক হয় ২০১০ সালের অগাস্টে, স্প্যানিশ সুপার কাপের ম্যাচ দিয়ে। পরের বছর লা লিগায় খেলেন প্রথম ম্যাচ। ক্লাবটিতে প্রথম মেয়াদে তিনি ম্যাচ খেলেন এই দুটিই।
এরপর যোগ দেন চেলসিতে। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে যদিও তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি। স্ট্যামফোর্ড ব্রিজে দুই মৌসুম খেলার পর এক মৌসুম করে ধারে খেলেন ভালেন্সিয়া ও স্টুটগার্টে।
২০১৫ সালে যোগ দেন আরেক ইংলিশ ক্লাব সাউথ্যাম্পটনে। সেখানেই কাটান সবচেয়ে লম্বা সময়। সাত বছরে দলটিতে খেলার পর গত বছর যোগ দেন জিরোনায়। দলটিতে তিন হাজারের বেশি মিনিট খেলে দলটির লা লিগায় দশম হওয়ায় অবদান রাখেন তিনি।
সেখান থেকে ২০২৩ সালে বার্সেলোনায় যোগ দেন রোমেউ। পরের মৌসুমে ধারে ফেরেন জিরোনায়। এবার চুক্তির ইতি টেনে শৈশবের ক্লাবে শেষ হলো ডিফেন্সিভ মিডফিল্ডারের দ্বিতীয় অভিযান।
