ফের চোটের আঘাতে ‘বিধ্বস্ত’ লুক শ
আর্সেনালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে অভিজ্ঞ এই ইংলিশ ডিফেন্ডারের ছিটকে পড়া ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অনেক বড় ধাক্কা।
সেরে উঠে এইতো কদিন আগেই মাঠে ফিরেছেন লুক শ। খেলেছেন কেবল দুটি ম্যাচে, তাও বদলি হিসেবে। এর মধ্যেই আবার চোট থাবা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এই লেফট-ব্যাকের শরীরে। বারবার চোটের সঙ্গে লড়াই করতে হওয়ায় ভীষণ হতাশ হয়ে পড়েছেন ইংলিশ ফুটবলার।
চোট সত্যিই যেন পিছু ছাড়ছে না ২৯ বছর বয়সী শর। এই বছরের বেশিরভাগ সময়ই যে হাঁটু ও পেশির সমস্যায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত খেলতে পেরেছেন কেবল তিনটি ম্যাচে।
আগের চোট কাটিয়ে গত ২৪ নভেম্বর ইপ্সউইচ টাউনের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে মাঠে ফেরেন শ। দুই সপ্তাহ না যেতেই আবার ছিটকে গেলেন তিনি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, অনুশীলনে পাওয়া নতুন চোটে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আবার চোটে পড়ার পর হতাশা চেপে রাখতে পারেননি শ। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে জানান নিজের অনুভূতি।
“আমি অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছি, তবে এখন নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়। আমি পুরোপুরি বিধ্বস্ত এবং এই মুহুর্তের বাস্তবতা মেনে নেওয়া অত্যন্ত কঠিন।”
তবে হাল ছাড়ার পাত্র নন শ। বলেছেন, মাঠে ফিরতে সব কিছু উজাড় করে চেষ্টা চালিয়ে যাবেন তিনি।
চলতি মৌসুমে এখন প্রিমিয়ার লিগে নবম স্থানে আছে ইউনাইটেড। বুধবার দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের মুখোমুখি হবে তারা।
