মেসির সফর ঘিরে কলকাতায় তুলকালাম, ক্ষমা চেয়ে তদন্তের নির্দেশ মমতার
এবারের ভারত সফরে আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আছে ফুটবলের মহাতারকার।
লিওনেল মেসির সফর ঘিরে পরিকল্পনা সব ঠিকঠাকই ছিল। কিন্তু পরে সবকিছু ওলট-পালট হয়ে গেল। মেসি-ভক্তদের একটা অংশ সল্ট লেকে ব্যাপক ভাংচুর চালালেন, যেন রণক্ষেত্রে পরিণত হল কলকাতার আইকনিক স্টেডিয়ামটি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য ক্ষমা চাইলেন পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী। একই সঙ্গে সুষ্ঠ তদন্তের নিদের্শ দিলেন তিনি।
কলকাতা সফরের শুরুতে শনিবার সেল্ট লেকে আসেন মেসি। প্রিয় তারকাকে কাছ থেকে এক নজর দেখতে মোটা অঙ্কের অর্থ খরচ করে স্টেডিয়ামে আসেন হাজার হাজার দর্শক। কিন্তু অধিকাংশেরই সেই প্রত্যাশা পূরণ হয়নি।
তাদের অভিযোগ, রাজনৈতিক নেতা ও অভিনেতারা মেসিকে ঘিরে থাকায় ফুটবলের মহাতারকাকে দেখতে পায়নি কেউ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মাত্র ২০ মিনিট স্টেডিয়ামে ছিলেন ফুটবলের মহানায়ক। তাকে দেখার স্বাদ না মেটায়, তিনি চলে যাওয়ার পরপরই শুরু হয় তাণ্ডব। অনেকে সিট উপড়ে ফেলে মাঠের দিকে ছুঁড়ে মারেন, বোতল ছুঁড়ে মারেন, অনেকে আবার মাঠে ঢুকে পড়েন এবং মঞ্চ ভেঙে ফেলেন।
মেসির অনুষ্ঠান ঘিরে এমন তুলকালাম কাণ্ড স্বাভাবিকভাবেই বিশ্ব ফুটবলে নজর কেড়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছে। নিজের রাজ্যে এমন ঘটনায় বিব্রত মমতা ব্যনার্জী। ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে বার্তা দেন তিনি।
“আজকে সল্ট লেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখেছি, তাতে আমি ভীষণ বিরক্ত ও বিস্মিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমি ও ভক্ত, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল, তাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম।”
“দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে, একই সঙ্গে সব ক্রীড়াপ্রেমি ও মেসির ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
তিন সদস্যের কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে এই বিশৃঙ্খলার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা ব্যনার্জী।
“এই কমিটি পুরো ঘটনার পূর্ণ তদন্ত করবে, দায়ীদের চিহ্নিত করবে, তাদের আইনের আওতায় নিয়ে আসবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন প্রতিরোধ করা যায়, সেই লক্ষ্যে করণীয় সুপারিশ করবে।”
আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক এবং দুটি কোপা আমেরিকা জয়ের নেতৃত্ব দেওয়া মেসির এই সফরের যারা আয়োজক, তাদের মন্তব্যের জন্য রয়টার্স যোগাযোগ করলেও সাড়া পায়নি।
ঘটনার কিছুক্ষণ পর মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।
কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, খালি পায়ের ফুটবল টুর্নামেন্টে এবং দাতব্য উদ্যোগ উদ্বোধনের কথা রয়েছে মেসির।
