২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকার সুপার কাপ ফেরানোর ইঙ্গিত সালাউদ্দিনের

পেশাদার লিগ কমিটির দায়িত্ব নেওয়ার পর প্রথম সভা শেষে এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 08:00 PM

Updated : 24 Sep 2022, 08:00 PM

দেশের ফুটবলে আলোচিত কোটি টাকার সুপার কাপ ফের আয়োজনের ইঙ্গিত দিয়েছেন কাজী সালাউদ্দিন। পেশাদার লিগ কমিটির দায়িত্ব নেওয়ার পর প্রথম সভা শেষে আগেভাগে বর্ষপঞ্জি দেওয়া, বাইলজ প্রস্তুতি করা থেকে শুরু করে সুপার কাপ নিয়েও জানিয়েছেন নিজের ভাবনা।

দীর্ঘদিন ধরে পেশাদার লিগ কমিটির দায়িত্ব পালন করে আসা সালাম মুর্শেদী গত অগাস্টের শেষ দিকে ব্যক্তিগত ব্যস্ততায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে গুরুত্বপূর্ণ এ কমিটির হাল বাফুফে সভাপতি সালাউদ্দিন নিজেই ধরেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে রোববার সালাউদ্দিনের নেতৃত্বাধীন পেশাদার লিগ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির ‘দ্বিতীয় ধাপ’ শুরুর কথা জানান তিনি।

“পেশাদার লিগ কমিটিতে দীর্ঘসময় কাজ করার জন্য প্রথমেই আমি সালাম মুর্শেদীকে ধন্যবাদ জানাতে চাই। (সে সরে দাঁড়ানোয়) আমি দায়িত্ব নিয়েছি এবং আমি বলতে চাই, আমরা এখন দ্বিতীয় ধাপে যাত্রা শুরু করছি।”

“আজকে লিগ কমিটির যে মিটিং হয়েছে, মূলত বর্ষপঞ্জি থেকে শুরু করে বাইলজ এবং সবকিছু ঠিক করা নিয়ে। আমরা প্রধান যে কাজটা করব, সেটা হচ্ছে আপনাদেরকে অনেক আগেই ক্যালেন্ডার দিয়ে দিব এবং সবকিছু বর্ষপঞ্জি অনুযায়ী হবে। আমরা যা কিছু করব, ফুটবলের স্বার্থেই করব। একটি বাস্তবায়ন কমিটিও করেছি, ওরা আপনাদের সব বিষয়ে বিস্তারিত জানাবে।”

২০০৯ সালে কোটি টাকার সুপার কাপ আয়োজন করে সাড়া ফেলে দিয়েছিল বাফুফে। এরপর ২০১১ ও ২০১৩ সালে দুটি আসর হয়েছিল, কিন্তু পরে অনেকবার গুঞ্জন শোনা গেলেও আলোচিত সুপার কাপ আলোর মুখ দেখেনি। এবার তা আলোর মুখ দেখতে পারে বলে আশ্বাস দিলেন সালাউদ্দিন।

“আমরা যে কোটি টাকার সুপার কাপ করেছিলাম, সেটা ফিরিয়ে আনার একটা সিদ্ধান্ত এসেছে। মনে হয়, হয়ে যাবে। ওখানে তো বিরাট বড় বাজেট। এটা এখনই আমরা ঘোষণা করছি না; তবে একটা জায়গা থেকে আমরা সমর্থন (পৃষ্ঠপোষকতা) পাওয়ার বার্তা পেয়েছি, সেটা নিশ্চিত হয়ে গেলেই আমরা এর বিস্তারিত জানিয়ে দিব।”

সুপার কাপের তিন আসরে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব; ২০০৯ ও ২০১৩ সালে। মাঝে ২০১১ সালের শিরোপা জিতেছিল আরেক ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড।