২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির বিপক্ষে হারের ম্যাচে রেফারিং নিয়ে ফরেস্টের ‘আনুষ্ঠানিক অভিযোগ’

ক্লাবটির দাবি, ম্যানচেস্টার সিটির ব্যবধান গড়ে দেওয়া গোলটি বাতিল এবং তাদের ডিফেন্ডার রুবেন দিয়াসকে বহিষ্কার করা উচিত ছিল।

সিটির বিপক্ষে হারের ম্যাচে রেফারিং নিয়ে ফরেস্টের ‘আনুষ্ঠানিক অভিযোগ’
নটিংহ্যাম ফরেস্ট। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ দিকে গোল হজম করে হার কিছুতেই যেন মানতে পারছে না নটিংহ্যাম ফরেস্ট। প্রতিপক্ষের ব্যবধান গড়ে দেওয়া গোলটি নিয়ে প্রশ্ন তুলেছে তারা এবং সেদিনের ম্যাচ রেফারির আরও কিছু ‘বিতর্কিত’ সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলেছে ক্লাবটি।

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই দিনের ম্যাচ পরিচালনা নিয়ে আপত্তি জানিয়ে ‘প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেড’ (পিজিএমওএল) –এর কাছে অভিযোগপত্র দিয়েছে ফরেস্ট। একই সঙ্গে ওই ম্যাচে ভিএআরের সঙ্গে রেফারির কথোপকথনের অডিও চেয়ে আবেদন করেছে।

প্রিমিয়ার লিগে গত শনিবার সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে ফরেস্ট। পরে ৮৩তম মিনিটে হায়ান শের্কির গোলে ঘরের মাঠে ম্যাচটি ২-১ ব্যবধানে হেরে যায় তারা।

ম্যাচের পরই ফরেস্টের কোচ শন ডাইস বলেছিলেন, ম্যাচের শেষ গোলের আক্রমণের শুরুতে তাদের মিডফিল্ডার মর্গ্যান গিবস-হোয়াইটকে ফাউল করায় শের্কির গোলটি বাতিল হওয়া উচিত ছিল। এছাড়া বিরতির পর ইগর হেসুসকে ফাউল করায় সিটি ডিফেন্ডার রুবেন দিয়াসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাতে হতো।

গত মৌসুমে চমক জাগানো পারফরম্যান্সের পর, লিগে সপ্তম হয়ে মৌসুম শেষ করা ফরেস্টের এবারের মৌসুম একদমই ভালো কাটছে না। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে একধাপ উপরে আছে তারা।