২০৩০ বিশ্বকাপ ফাইনাল ‘আয়োজন করবে’ স্পেন
স্পেনে ফাইনাল হলে সেটা রেয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনার ঘরের মাঠে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুসান বলেছেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজন করবে স্পেন, যারা পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজন করবে আসরটি।
ফাইনাল ম্যাচ কোথায় আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে, তা এখনও জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারাই।
লুসান সোমবার রাতে মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে স্পেনে। তবে কোন শহর বা ভেন্যুতে ম্যাচটি হবে, তা উল্লেখ করেননি তিনি।
“স্পেন বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল হবে এখানেই।”
স্প্যানিশ গণমাধ্যম সংস্কার করা রেয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামকে ফাইনালের ভেন্যু হিসেবে প্রচার করে আসছে দীর্ঘদিন ধরেই। তবে সম্প্রতি এমনও খবর প্রকাশিত হয়েছে যে, মরক্কো ম্যাচটি আয়োজন করতে পারে।
নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের আশায় আছে মরক্কো। ২০২৮ সালে নির্মাণ কাজ শেষ হলে এক লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে এটি হবে বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। কিন্তু এই মাসে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালের বিশৃঙ্খলা দেশটির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এর ফলে দেশটি বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ হারাতে পারে।
বার্সেলোনা তাদের ঘরের মাঠ কাম্প নউ সংস্কার করছে কয়েক বছর ধরে। সংস্কারের পর এখানে দর্শক ধারণক্ষমতা বেড়ে হবে এক লাখ পাঁচ হাজার, যা ইউরোপের সবচেয়ে বেশি। আপাতত ৪৫ হাজার দর্শক গ্যালারিতে বসার সুযোগ দিয়ে গত নভেম্বরে প্রিয় আঙিনায় ফেরা বার্সেলোনাও বিশ্বকাপ ফাইনাল আয়োজনের লড়াইয়ে নামতে পারে।
বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ২০৩০ আসরের একটি করে ম্যাচ আয়োজন করবে লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এই আসরের দুই বছরের একটু বেশি সময় বাকি থাকতে ফাইনালের ভেন্যু ঘোষণা করা হয়েছিল।
