২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচ বার্সেলোনার জন্য ‘সহজ হবে না’

নিজেদের সেরাটা খেলেই জিততে হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচ বার্সেলোনার জন্য ‘সহজ হবে না’
হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 10:13 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

পয়েন্ট টেবিলের নবম ও ২৬তম দলের লড়াই। ইতিহাস-ঐতিহ্য আর শক্তি-সামর্থ্যে বার্সেলোনার ধারেকাছেও নেই কোপেনহেগেন। তবে ডেনমার্কের দলটির বিপক্ষে কাজটা কঠিন হবে বলে মনে করেন হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচের মতে, জিততে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার কাম্প নউয়ে কোপেনহেগেনের মুখোমুখি হবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

গত রাউন্ডে স্লাভিয়া প্রাহার বিপক্ষে ৪-২ গোলে জিতে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। টেবিলে তাদের ওপরের তিনটি ও নিচের চারটি দলেরও পয়েন্ট সমান ১৩ করে।

৩৬ দলের আসরে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় উঠতে জয়ের বিকল্প নেই বার্সেলোনার সামনে। স্থান নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে গোল পার্থক্যও।

শেষ রাউন্ডের সবগুলো ম্যাচই শুরু হবে একই সময়ে, বাংলাদেশ সময় রাত ২টায়।

গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডারকে ছাড়াই ম্যাচটি খেলতে হবে বার্সেলোনাকে। স্লাভিয়া প্রাহার বিপক্ষে পায়ের পেশিতে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন পেদ্রি। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ফ্রেংকি ডি ইয়ং। 

ফ্লিক মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, কোপেনহেগেনের বিপক্ষে চ্যালেঞ্জ থাকলেও ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি। 

“দল ভালো ও আত্মবিশ্বাসী আছে। কোপেনহেগেনকে সম্মান করতে হবে আমাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কাজটা করা ও সেরাটা দিয়ে খেলা। ম্যাচ সহজ হবে না। লক্ষ্য হলো শীর্ষ আটে থাকা।”

“আমাদের নিজস্ব খেলায়, আমাদের কী করতে হবে, সেদিকে মনোযোগ দিচ্ছি আমরা। এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং আমাদের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর বিষয়। আমাদের জন্য ম্যাচটা কঠিন হবে এবং আমরা কোনো অজুহাত দেব না। আমাদের খেলার ধরন নিয়ে আত্মবিশ্বাসী আমরা।”

চোট কাটিয়ে অনুশীলনে ফেরা ফেররান তরেস এই ম্যাচে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।