অবশেষে রেয়াল বাধা পেরিয়ে বায়ার্নের ‘স্পেশাল’ রাত
হ্যারি কেইনের মতে, রেয়ালের বিপক্ষে ফিরতি লেগ ছিল পাগলাটে এক লড়াই।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে দীর্ঘদিন বায়ার্ন মিউনিখের জন্য দুঃস্বপ্ন হয়ে ছিল রেয়াল মাদ্রিদ। এবার তাদের বাধা পার করতে পেরেছে জার্মান ক্লাবটি। কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগেও ইউরোপের সফলতম দলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার আনন্দে ভাসছে জার্মান চ্যাম্পিয়নরা। দলটির তারকা হ্যারি কেইন বললেন, তাদের জন্য এটি স্পেশাল এক রাত।
আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ আটের ফিরতি লেগে বুধবার রেয়ালকে ৪-৩ গোলে হারায় বায়ার্ন। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম দেখায় তারা জিতেছিল ২-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে উঠল কেইনরা।
প্রথম লেগের মতো দ্বিতীয় দেখায়ও রেয়ালের জালে বল পাঠান কেইন। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এনিয়ে ১১ ম্যাচে ১২টি গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড।
ইউরোপ সেরার মঞ্চে নকআউট পর্বে রেয়ালের বিপক্ষে এক যুগের বেশি সময় ধরে জিততে পারছিল না বায়ার্ন। এবার শেষ আটের প্রথম লেগে সেই খরা কাটায় তারা।
দ্বিতীয়বারও জিতে ২০১২ সালের পর, এই প্রথম রেয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোনো নকআউট পর্ব অতিক্রম করতে পারল বায়ার্ন।
রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটির প্রথমার্ধে গোলের বন্যা বয়ে যায়। দুই দল মিলে পাঁচবার জালে বল পাঠায়। আর দ্বিতীয়ার্ধে শেষ দিকে দুটি গোল করে সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করে ফেলে বায়ার্ন।
ম্যাচ শেষে রেয়ালকে বিদায় করতে পারার উচ্ছ্বাস ঝরল কেইনের কণ্ঠে।
“কী স্পেশাল এক রাত। সত্যি বলতে পাগলাটে ম্যাচ ছিল। কোয়ার্টার-ফাইনালের মতো বড় ম্যাচে, বিশেষ করে প্রথমার্ধে যেভাবে বারবার লড়াই রঙ বদলাল, সত্যিই নজিরবিহীন।”
