২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে যা কখনও হয়নি, তেমন কিছু করে দেখাতে চান আর্তেতা

লিভারপুলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়লেও, আশাহত না হয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা দিলেন আর্সেনাল কোচ।

আগে যা কখনও হয়নি, তেমন কিছু করে দেখাতে চান আর্তেতা
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 10:17 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১১। লিগ টেবিলের দুইয়ে থাকা দলটির আর কোনো আশা দেখছেন না অনেকেই। কিন্তু আর্সেনাল কোচ মিকেল আর্তেতা হাল ছাড়তে রাজি নন। শেষ পর্যন্ত সামর্থ্যের সবকিছু দিয়ে লড়াই চালিয়ে যেতে চান তিনি।

লিগ শিরোপার লড়াইয়ে আর্সেনাল বড় ধাক্কাটা খায় গত সপ্তাহে। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তারা। তাদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেনি লিভারপুল। পরদিনই ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করে আর্না স্লটের দল।

২৬ ম্যাচে ১৫ জয় ও ৮ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আর্সেনাল। এক ম্যাচে বেশি খেলে ১৯ জয় ও ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট লিভারপুলের।

এখান থেকে চূড়ায় ওঠা খুব কঠিন, ভালো করে জানেন আর্তেতা। তবে প্রিমিয়ার লিগের ইতিহাসে অবিশ্বাস্য কিছু করে দেখানোর স্বপ্ন দেখছেন তিনি।

 “গাণিতিকভাবে এই অবস্থায় আমাদের (শিরোপা জয়) সম্ভব। যে অবস্থায় আছি, প্রতিটি ম্যাচ খেলতে হবে, হঠাৎ তিন দিন আগে আমাদের সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর এবং তখন ব্যবধানটা হতো দেড় ম্যাচের পয়েন্টের মতো... এটা কোনো ব্যাপার না, আমাদের এগিয়ে যেতে হবে।”

“তিন দিন আগের চেয়ে আমাদের কাজটা এখনও আরও কঠিন। তবে শিরোপা জিততে হলে তো বিশেষ কিছুই করতে হবে। আমরা যে পরিস্থিতিতে আছি, সেখান থেকে প্রিমিয়ার লিগ জিততে চাইলে সম্ভবত এমন কিছু করতে হবে যা প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কেউ করতে পারেনি।”

লিগ ম্যাচে বুধবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে আর্সেনাল।