২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের ছায়া থেকে বেরিয়ে আসার লড়াই ভিনিসিউসের

ক্লাব রেয়াল মাদ্রিদের হয়ে আলো ছড়ালেও, প্রায় পাঁচ বছর ধরে ব্রাজিলের হয়ে খেলে এখনও তেমন কিছু করতে পারেননি ভিনিসিউস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 08:07 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

রেয়াল মাদ্রিদের জার্সিতে বছর দুয়েক ধরে আলো ছড়াচ্ছেন ভিনিসিউস জুনিয়র। ২০২৩-২৪ ক্লাব মৌসুমে ছিলেন আরও দীপ্তিময়। তার সামনে এবারের চ্যালেঞ্জ জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার, দেশের মানুষকে মহাদেশ সেরার ট্রফি উপহার দেওয়ার। বলার অপেক্ষা রাখে না, অভিযানটা হতে যাচ্ছে ভীষণ কঠিন। তবে সেই সামর্থ্য যে তার আছে, ইতোমধ্যে তা তিনি প্রমাণ করেছেন। এখন কেবল মাঠে নেমে সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার পালা।   

সেটা যদি তিনি করতে পারেন, ব্রাজিলকে এনে দিতে পারেন কোপা আমেরিকা জয়ের স্বাদ; তাহলে হয়তো নেইমারের আড়াল থেকে বেরিয়ে স্বমহিমায় সেলেসাওদের মধ্যমণি হয়ে উঠতে পারবেন ভিনিসিউস।

পেছন ফিরে তাকালে, প্রায় এক দশক ধরে ব্রাজিলের সেরা তারকা হয়ে আছেন নেইমার। যেকোনো টুর্নামেন্ট শুরুর আগে, দলটির সম্ভাবনা নিয়ে আলোচনার মূলে থেকেছে এই ফরোয়ার্ডের নাম। কোচেরা পরিকল্পনাও সাজাতেন তাকে ঘিরেই। কিন্তু, এবারের পরিস্থিতি পুরো ভিন্ন। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তিনি, খুব স্বাভাবিকভাবে নেই এবারের কোপা আমেরিকায়।

তার অনুপস্থিতে ব্রাজিলের সামর্থ্য নিয়েও তাই সংশয় আছে অনেকের মনে। আবার সমর্থকদের মনে আশাও আছে। আর সেই প্রত্যাশার অনেকটাই ভিনিসিউসকে ঘিরে।

সবশেষ মৌসুমটা রেয়ালের দুর্দান্ত কেটেছে; মৌসুমজুড়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে তারা একে একে ঘরে তুলেছে স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। আর দলটির এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ভিনিসিউসের।

দলটির ওই তিন শিরোপা জয়ের পথেই অসামান্য ভূমিকা রাখেন তিনি; সব মিলিয়ে ৩৯ ম্যাচ খেলে গোল করেন ২৪টি, অ্যাসিস্ট ১১টি। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে জোড়া গোলের পর ফাইনালেও একটি গোল করেন তিনি। তার আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তার হ্যাট্রিকেই বার্সেলোনাকে ৪-১ ব্যবধান গুড়িয়ে দেয় রেয়াল। 

মাঠে ভিনিসিউসের কার্যকারিতার বিচারে কেবল গোল আর অ্যাসিস্ট বিবেচনায় নিলে অবশ্য ভুল হবে। এমন অনেক ম্যাচ গেছে, তিনি গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন সামনে থেকে; মুহূর্মুহু আক্রমণে সবসময় তিনি প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখেন, যা সুযোগ তৈরি করে দেয় তার সতীর্থদের।

তবে, ক্লাবে এত এত সাফল্য পেলেও জাতীয় দলের জার্সিতে এখনও ফুটে উঠতে না পারার অপ্রাপ্তি তার রয়েই গেছে। আগামী মাসে বয়স ২৪ বছর পূর্ণ হবে ভিনিসিউসের। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে প্রায় পাঁচ বছরে ৩০টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করতে পেরেছেন কেবল ৩টি।

কোপা আমেরিকায় ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ শিরোপাটি জিতেছে ২০১৯ সালে। তবে দলের ওই সাফল্যে নেইমার বা ভিনিসিউসের কেউই অংশীদার ছিলেন না।

আসরটি শুরুর আগের মাসে ভিনিসিউসকে বাদ দিয়েছিলেন তখনকার ব্রাজিল কোচ তিতে। নেইমার অবশ্য শুরুতে ছিলেন দলে; কিন্তু শেষ মুহূর্তে চোটে ছিটকে পড়েন তিনি। আর ২০২১ আসরে নেইমার ছিলেন চেনা রূপেই, লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন তিনি; কিন্তু দেশের মাটিতে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হেরে যায় ব্রাজিল।

মারাকানার ওই শিরোপা লড়াইয়ে দ্বিতীয়ার্ধে বদলি নেমেছিলেন ভিনিসিউস, তিনিও সেদিন পারেননি দলকে পথে ফেরাতে। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে জিতে অনেক বছরের শিরোপা খরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে সেই ২০০২ সালে। তারপর কেটে গেছে ২২ বছর, মাঝে হয়ে গেছে পাঁচটি আসর; একবারও ফাইনালে উঠতে পারেনি তারা, চারবার ছিটকে গেছে কোয়ার্টার-ফাইনাল থেকে, একবার সেমি-ফাইনালে। টানা এই হতাশার মাঝে ২০২১ কোপার ফাইনালের হার হয়ে আছে অনেক বড় ক্ষত আকারে; পরাজয়টি ছিল যে দেশের মাটিতে এবং চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে।

ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্সও ভীষণ হতাশাজনক। কাতার বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নেওয়ার পর তাদের পারফরম্যান্স যেন ক্রমেই পড়তির দিকে। গত বছর শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচ জয়ের পর তারা পরের চার ম্যাচে জিততে পারেনি একটিও, এর মধ্যে হেরে যায় সবশেষ তিনটিতে। 

বছরের শুরতে প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ও স্পেনের সঙ্গে ড্র করে ছন্দে ফেরার আভাস দিলেও, তা সমর্থকদের আস্থা ফেরানোর জন্য যথেষ্ট নয়। এইতো কদিন আগেই, কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিতে অনেক পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে তারা। তাতে দরিভাল জুনিয়রের দলকে ঘিরে নতুন করে জাগে শঙ্কাও।

পুরোনো হতাশা মুছে, সব শঙ্কা উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। আর দলের এই মিশনে, নেইমারের অনুপস্থিতে আক্রমণভাগের মূল হয়ে উঠেছেন ভিনিসিউস। সমর্থক থেকে শুরু করে বোদ্ধাদের দৃষ্টিও এখন তার ওপর। অপেক্ষা কেবল তার জ্বলে ওঠার।

প্রত্যাশার দাবি মিটিয়ে তিনি যদি পারেন আপন আলোয় উদ্ভাসিত হতে, দলকে আলোকিত করতে, সেলেসাওদের গৌরব ফিরিয়ে দিতে; তাহলে হয়তো নেইমারের ছায়া থেকে বেরিয়ে আসতে পারবেন ভিনিসিউস জুনিয়র। হয়ে উঠতে পারবেন ব্রাজিলের মূল তারকা, বর্তমান আর ভবিষ্যতের কান্ডারি। 

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভিনিসিউস ও ব্রাজিলের কোপা আমেরিকা অভিযান।