২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ অভিযানে নামার আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা

প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে দুর্ভাবনা কেটে গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের।

বিশ্বকাপ অভিযানে নামার আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা
অনেক দিন পর দুই গ্লাভস পরে অনুশীলনে এমিলিয়ানো মার্তিনেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 06:45 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে আর্জেন্টিনা শিবিরের বড় এক দুর্ভাবনা অনেকটাই কেটে গেছে। আঙুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় প্রথমবারের মতো দুই গ্লাভস পরে পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন তিনি।  

গত ২০ মে অ্যাস্টন ভিলার ইউরোপা লিগ ফাইনালের আগের ওয়ার্ম-আপের সময় মার্তিনেসের আঙুল ভেঙে যায়। চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও, ফিজিওকে দিয়ে আঙুল পরীক্ষা করার পর ব্যথা নিয়েই খেলার সিদ্ধান্ত নেন তিনি।

ফ্রেইবুর্কের বিপক্ষে ওই ম্যাচে দুটি সেভ করে ১৯৮২ সালের পর অ্যাস্টন ভিলার প্রথম কোনো বড় ইউরোপিয়ান শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৩ বছর বয়সী তারকা।

ওই চোট নিয়েই জাতীয় দলে যোগ দেন মার্তিনেস। তবে এতদিন পুর্ণ অনুশীলনের বাইরে ছিলেন এবং পুনর্বাসনের সময় স্প্লিন্ট পরে, এক হাতে গ্লাভস পরে অনুশীলন করতেন তিনি।

বৃহস্পতিবার প্রথমবার দুই হাতে গ্লাভস পরে অনুশীলনে নামেন মার্তিনেস এবং কোনোরকম সমস্যা ছাড়াই অনুশীলন পর্ব শেষ করেন।

হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জেতা দুটি প্রস্তুতি ম্যাচের একটিও খেলতে পারেননি তিনি। তবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে তাকে শুরু থেকেই পাওয়ার আশা করছে আর্জেন্টিনা।

অ্যাস্টিন ভিলার হয়ে এবার দারুণ একটি মৌসুম কাটিয়েছেন মার্তিনেস। ইউরোপা লিগ জয়ের পাশাপাশি, প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে আসর শেষ করেছে তারা।

ইউরোপা লিগের বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন মার্তিনেস।

২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি এবং আসরের সেরা গোলরক্ষও নির্বাচিত হয়েছিলেন। দুই বছর পর, দেশের কোপা আমেরিকা জয়ের আসরেও সেরা গোলরক্ষকের পুরস্কার জয় করেন মার্তিনেস।