বিশ্বকাপের খুব কাছে দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও
জ্যামাইকার বিপক্ষে শেষ ম্যাচে হার এড়ালেই নতুন ইতিহাস গড়বে দেশটি।
জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে ওঠার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কুরাসাও। আর এক পয়েন্ট পেলেই নতুন ইতিহাস লিখবে তারা।
বাছাইপর্বে ক্যারিবিয়ান অঞ্চলের ক্ষুদ্র এই দ্বীপ-রাষ্ট্রটি বাংলাদেশ সময় শুক্রবার সকালে বারমুডাকে হারায় ৭-০ গোলে। এই জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে দলটি।
আগামী বুধবার দ্বিতীয় স্থানে থাকা জ্যামাইকার বিপক্ষে হার এড়াতে পারলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে কুরাসাও।
কত ছোট এই কুরাসাও?
বিশ্বকাপে কিংবা বিশ্বকাপ ঘিরে ‘আন্ডারডগ’ দলগুলোর কত না রোমাঞ্চকর গল্প আছে।
২০১৮ সালের বিশ্বকাপে সবচেয়ে ছোট দেশ হিসেবে আইসল্যান্ডের খেলা, গত মাসে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে কেপ ভার্দের ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়া, কিংবা ২০০৬ সালে ত্রিনিদাদ ও টোবাগোর বিশ্বকাপে অংশগ্রহণ, সবই তো দৃষ্টান্ত।
কনকাকাফ বাছাইয়ে তেমনই এক অসাধারণ গল্প লিখছে কুরাসাও। মাত্র এক লাখ ৫৬ হাজার জনসংখ্যা আর ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপ, যা আকারে আইল অব ম্যানের চেয়েও ছোট। তারাই এখন আইসল্যান্ডকে ছাড়িয়ে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে ওঠা থেকে মাত্র ১ পয়েন্ট দূরে।
কুরাসাও কোথায়?
ক্যারিবীয় সাগরে, ভেনেজুয়েলার ঠিক উত্তরে অবস্থিত কুরাসাও। ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার পাশে হলেও তারা প্রতিদ্বন্দ্বিতা করে কনকাকাফ অঞ্চলে।
দেশটি মূলত কুরাসাও দ্বীপ ও জনবসতিহীন লিটল কুরাসাও এই দুই দ্বীপ মিলে গঠিত। দেশটিতে ডাচ, ইংরেজি ও পাপিয়ামেন্তো ভাষায় কথা বলা হয়।
