ক্লাবের দুঃসময়ের ছায়া জাতীয় দলে পড়তে দেবেন না ফের্নান্দেস
ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বাজে সময় কাটাচ্ছেন ব্রুনো ফের্নান্দেসও, তবে পর্তুগালের হয়ে তাকে ভিন্ন চেহারায় দেখা যাবে বলেই বিশ্বাস অভিজ্ঞ মিডফিল্ডারের।
ম্যানচেস্টার ইউনাইটেড তো অনেক দিন ধরেই অতীতের কঙ্কালে পরিণত হয়েছে। বিবর্ণ সময় কাটাচ্ছেন ব্রুনো ফের্নান্দেসও। এমনিতে ক্লাবের বাজে সময়েও ধারাবাহিকভাবে সবচেয়ে ভালো খেলা ফুটবলারদের একজন ছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়টায় তাকে চেনাই যাচ্ছে না সেভাবে। তবে জাতীয় দলের জার্সিতে নিজেকে চেনা রূপেই মেলে ধরতে আত্মবিশ্বাসী অভিজ্ঞ মিডফিল্ডার। এরপর ক্লাবের হয়েও দ্রুত ফিরতে চান স্বরূপে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবশেষ ১২ ম্যাচে গোলের স্বাদ পাননি ফের্নান্দেস। যদিও তিনি ফরোয়ার্ড নন, তবে খেলার ধরন ও পজিশনের কারণে গোল করেন সাধারণত নিয়মিতই। ২০২০ সালের জানুয়ারিতে এই ক্লাবে যোগ দেওয়ার পর এত দীর্ঘ গোলখরা তার আসেনি কখনোই।
সম্প্রতি আরও তিক্ত অভিজ্ঞতা তার হয়েছে। ইউনাইটেডের হয়ে প্রথমবার লাল কার্ড দেখেন টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে। পরের ম্যাচে ইউরোপা লিগে এফসি পোর্তোর বিপক্ষে আবার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সব মিলিয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি।
অবশ্য আপিলে টটেনহ্যামের বিপক্ষে পাওয়া তার লাল কার্ডটি বাতিল হয়ে যায়।
তার ক্লাব ইউনাইটেড এখন সাত ম্যাচে স্রেফ আট পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে আছে ১৪ নম্বরে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি এরিক টেন হাগের দল।
আপাতত ক্লাব ফুটবলে চলছে বিরতি। নেশন্স লিগে শনিবার পোল্যান্ডের বিপক্ষে লড়বে পর্তুগাল। এই ম্যাচের আগে ফের্নান্দেস তুলে ধরলেন, ক্লাব আর জাতীয় দল তার কাছে কতটা আলাদা।
“সময়টা খুব ইতিবাচক নয়। আমরা ম্যাচ জিততে পারছি না। তবে জাতীয় দলের ব্যাপারটি পুরোপুরি আলাদা। এখানে খুবই স্বস্তি অনুভব করছি, সম্পূর্ণ আবহই আলাদা। নিজের দেশে আছি, নিজের ভাষায় কথা বলছি, প্রিয় খাবার খেতে পারছি। জাতীয় দলের হয়ে সবসময় পারফর্মও করেছি।”
“এই জায়গাটায় (জাতীয় দল) এলে আমার সবসময়ই ভালো লাগে এবং আমাদের যে আবহ এবং যে মানের ফুটবলাররা আছে, এখানে ফুটবলটা খুবই উপভোগ করি।”
জাতীয় দলের এই প্রাণবন্ত আবহের ছোঁয়ায় নিজেকে ফিরে পেতে চান ৩০ বছর বয়সী এই ফুটবলার। পরে ক্লাবে ফিরে গিয়ে জ্বলে উঠতে চান আগের মতো করে।
“ওখানে (ইউনাইটেডে) ফিরে যাওয়ার পর দ্রুতই উন্নতি করতে হবে। আবার গোলের মুখ দেখতে হবে নিয়মিত। কারণ, আমি এমন কেজন মিডফিল্ডার, সাধারণত অনেক গোল করি এবং বছরের পর বছর ধরে উঁচু মান ধরে রেখেছি। নিজের সেই মান মেলে ধরতে হবে এবং প্রত্যাশা পূরণ করতে হবে।”
“এই মৌসুমে এখনও পর্যন্ত যা করেছি, তা মোটেও প্রত্যাশিত নয়। কারণ ক্লাবের হয়ে এখনও গোল করতে পারিনি। আশা করি, ক্লাবে ফিরে গোল করতে পারব এবং দলকে জয়ের পথে ফেরাতে পারব এবং ভালো জায়গায় নিতে পারব।”
পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের পর মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল।
