২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালন দ’র নয়, আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে চোখ ভিনিসিউসের

রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের কাছে আগে দল, তারপর নিজেকে নিয়ে ভাবনা।

ব্যালন দ’র নয়, আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে চোখ ভিনিসিউসের
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার হাতে ভিনিসিউস জুনিয়র। ছবি: রেয়াল মাদ্রিদ এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 05:34 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

মৌসুমে ভিনিসিউস জুনিয়র যেভাবে পারফর্ম করে চলেছেন, তার হাতে ব্যালন দ’র দেখছেন অনেকেই। এই বছর বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ে ফেভারিট মনে করা হচ্ছে তাকেই। রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড অবশ্য ব্যালন দ’র নিয়ে আলোচনায় আপাতত যেতেই চান না। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার পর ব্রাজিলিয়ান তারকা বললেন, আরেকবার এই ট্রফি জয়ের দিকেই তার সব মনোযোগ এখন। 

আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে রেয়াল। শেষ দিকে তিন মিনিটের মধ্যে জোড়া গোল করে তাদের নায়ক হোসেলু। তবে ম্যাচজুড়ে দারুণ খেলে ম্যাচ সেরা হয়েছেন ভিনিসিউস।

এই মৌসুমে রেয়ালের সাফল্যে বড় অবদান ২৩ বছর বয়সী তারকার। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তার হ্যাটট্রিকে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদ্রিদের দলটি। লা লিগা শিরোপা পুনরুদ্ধার করেছে তারা চার ম্যাচ হাতে রেখে। লিগে রেয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ গোল ভিনিসিউসের। সঙ্গে অ্যাসিস্ট আছে তার ৬টি। 

চ্যাম্পিয়ন্স লিগেও তিনি নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। ফাইনালের আগ পর্যন্ত ৯ ম্যাচে ৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫টি।

ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার পর স্বাভাবিকভাবে তাই ভিনিসিউসের ব্যালন দ’র জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। তবে এই তারকা বললেন, ব্যক্তিগত অর্জন নয়, তার ভাবনায় প্রথমে অগ্রাধিকার পায় দল।

“সবাই ব্যালন দ’র নিয়ে কথা বলছে, তবে আমি খুব শান্ত আছি। এই দলের হয়ে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই আমি। এই মৌসুমে আমি দারুণ কিছু করতে পারি। তারপর আমাকে (কোপা আমেরিকার জন্য) ব্রাজিল দলে যোগ দিতে হবে। আমি সবসময় প্রথমে দল, তারপর নিজেকে নিয়ে চিন্তা করি।”

“আমরা বিশ্বের সেরা দলটিকে আরেকটি ফাইনালে নিয়ে যেতে পেরেছি। আমাদের দলে ২৫ জন তারকা আছে, আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি আমাদের লক্ষ্য অর্জনের জন্য, আর তা হলো লন্ডনে (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে) যাওয়া এবং জেতা। আমরা লা লিগা জিতেছি, আমরা লন্ডনে যাচ্ছি।”

চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ইউরোপের সফলতম দল রেয়াল।