২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পত্রিকার কাটতি বাড়াতেই’ এমবাপে ও ভিনিসিউসের টানাপোড়েনের খবর

মনোমালিন্যের খবর উড়িয়ে দিয়ে কিলিয়ান এমবাপে বললেন, ভিনিসিউস জুনিয়রের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 12:51 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

এক বনে দুই বাঘ। কিংবা এক রাজ্যে দুই রাজা। ঝামেলা তো হবেই! ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপেকে নিয়ে এই ধরনের কথা বলা বা লেখা হয় প্রায়ই। দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়েও কম খবর হয়নি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এমবাপে বললেন, ব্রাজিলিয়ান তারকার সঙ্গে তার সম্পর্ক দারুণ এবং সময়ের সঙ্গে তা উষ্ণতর হচ্ছে।

এমবাপের আগমনের আগে রেয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা ছিলেন ভিনিসিউস। অসাধারণ পারফরম্যান্সে ব্যালন দ’র জয়ের দাবিদারও ছিলেন তিনি। তবে এমবাপে আসার পর থেকে আলোচনার কেন্দ্রে এই ফরাসি তারকাই। ভিনিসিউসের ওপর থেকে পাদপ্রদীপের আলো সরে যায় কিছুটা।

পারফরম্যান্সও দুজনের ছিল দুইরকম। রেয়ালে প্রথম মৌসুমেই ইতিহাস গড়ে গোলের রেকর্ডের জন্ম দেন এমবাপে। চলতি মৌসুমের শুরুটাও দুর্দান্ত করেছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। ভিনিসিউসের পারফরম্যান্স গত মৌসুমে ছিল আগের মৌসুমের চেয়ে বেশ কিছুটা পড়তির দিকে। ধারাবাহিকতা ছিল না খুব একটা। তার পজিশন ও খেলার ধরনের বদল করতে হয়েছে এমবাপে আসায়। সেটির প্রভাবও পারফরম্যান্সে পড়েছে।

সব মিলিয়ে পারফর‌ম্যান্সের সেই আলোচনা গড়িয়েছে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন পর্যন্ত। দুজনের মধ্যে ঝামেলা নিয়ে খবর হয়েছে সংবাদমাধ্যমে। এমবাপের চেয়ে বেশি বেতন চান ভিনিসিউস এবং সেই কারণেই রেয়ালে তার নতুন চুক্তি আটকে আছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। দুজনের টানাপোড়েনের প্রভাব কখনও কখনও দলের খেলায় পড়েছে বলেও টুকটাক অভিযোগ উঠেছে। 

তবে মুভিস্টারকে সাক্ষাৎকারে এমবাপে বললেন, সংবাদমাধ্যম এসব খবর বানিয়ে ছড়িয়ে দিয়েছে প্রচার বেশি পেতে। 

“দুজন বিখ্যাত ফুটবলার একই দলে… পত্রিকার কাটতি বাড়ে এসব খবরে। তবে সত্যিটা হলো, ভিনিসিউসের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। এই মৌসুমে তো সম্পর্ক আরও বেশি ভালো, কারণ, আমরা পরস্পরকে এখনও আরও ভালোভাবে চিনি।”

এমবাপে কথা বলেছেন জাতীয় দল নিয়েও। গত বিশ্বকাপের রানার্স আপ ও আগেরবারের চ্যাম্পিয়ন দল এখন আগামী বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে। বিশ্বকাপে তাদের জায়গা করে নেওয়া নিয়ে সংশয় আছে সামান্যই। 

এই মুহূর্তে অবশ্য নিজেদের চেয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে এগিয়ে রাখছেন এমবাপে। তবে বিশ্বকাপে যে ফ্রান্স সবসময় ভিন্ন দল, সেটিও মনে করিয়ে দিলেন।

“আমার মতে, স্পেন এই সময়ে ইউরোপের সেরা দল। তবে বিশ্বকাপ ভিন্ন ব্যাপার।”