২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪-০ গোলে হেরে আনচেলত্তি বললেন, ‘কষ্ট পাচ্ছি, কঠিন মুহূর্ত’

ঘরের মাঠে বড় হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানালেন রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 10:30 AM

Updated : 26 Aug 2026, 10:48 AM

নিজেরা সুযোগ কাজে লাগাতে না পারায় আক্ষেপ। প্রতিপক্ষ সুযোগ কাজে লাগাতে পারায় হতাশা। ম্যাচের বড় দুটিই ফুটে উঠল কার্লো আনচেলত্তির কণ্ঠে। নিজেদের মাঠে বড় পরাজয়ের পর যন্ত্রণায় পুড়ছেন রেয়াল মাদ্রিদ কোচ। তবে বেদনার অনলে পুড়েই দলকে আবার খাঁটি করে তুলতে চান তিনি। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন কোচ।

লা লিগায় শনিবার রেয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ৪-০ গোলে হেরে যায় বার্সেলোনার কাছে।

নতুন কোচ হান্সি ফ্লিকের কোচিংয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে আগে থেকেই পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। এবার মৌসুমের প্রথম ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বিদের গুঁড়িয়ে ব্যবধান ছয় পয়েন্টে নিয়ে গেছে কাতালানরা।

প্রথমার্ধে ম্যাচ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই রবের্ত লেভানদোভস্কির দুটি গোল ম্যাচ থেকে একরকম ছিটকে দেয় রেয়ালকে। পরে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার গোলে প্রতিপক্ষকে তাদের আঙিনায় বিধ্বস্ত করে তারা।

আনচেলত্তি ম্যাচের পর বললেন, লেভানদোভস্কির জোড়া গোলের পরই ম্যাচে খেই হারায় রেয়াল। সেটিকে কাজে লাগিয়ে আরও দুই গোল করে বার্সেলোনা। এখানে নিজের কৌশলের কোনো সমস্যা দেখেন না রেয়াল মাদ্রিদ কোচ।

“ওরা ভালো খেলেছে। তবে মাঠে যা হয়েছে, তার প্রতিফলন পুরোপুরি পড়ছে না ফলাফলে। ওদের প্রথম গোলের আগ পর্যন্ত সমান তালেই লড়াই হয়েছে। প্রথমার্ধে আমাদের খেলায় তাড়না ছিল, কিন্তু নিশানা ঠিকঠাক ছিল না। এগিয়ে যাওয়ার সুযোগ আমাদের ছিল, কিন্তু আমরা পারিনি। পরে ওরা দুই গোল করার পর আমাদের প্রাণশক্তি ক্ষয়ে যায়। এরপরই খেলাটা বদলে যায়।”

“সমস্যা হলো, দুই গোল হজম করার পর ঝুঁকি নিতেই হবে। এটাই স্বাভাবিক। খুব ভালো খেলতে থাকা একটি দলের সঙ্গে ঝুঁকি নিলে তা আরও বেশি বিপজ্জনক। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে অন্যরকম ব্যাপার হতো। কিছু সমস্যা আছে, যা আমাদের সমাধান করতে হবে। এটা মনস্তাত্ত্বিক সমস্যা, কৌশলগত সমস্যা নয়।”

প্রথমার্ধে রেয়াল বেশ কিছু আক্রমণের চেষ্টা করলেও বারবার তাদেরকে অফসাইডের ফাঁদে ফেলেছে বার্সেলোনা। গোটা ম্যাচে ১২টি অফসাইড হয়েছে তাদের। ম্যাচের প্রথম ৩৩ মিনিটের মধ্যেই পাঁচবার অফসাইড হন কিলিয়ান এমবাপে একাই! এর মধ্যে একবার জালে বল পাঠিয়ে গোল পাননি তিনি।

এমবাপের পারফরম্যান্স গোটা ম্যাচে ছিল হতাশাজনক। অফসাইড হওয়া ছাড়াও কয়েকটি সুযোগ তিনি পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি একটিও। তার কাছে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিল কোচেরও।

“আমরা জানতাম তারা ‘হাই লাইন’ রক্ষণভাগ নিয়ে খেলছে, কিন্তু আমরা অল্পের জন্য সুযোগ হাতছাড়া করেছি বারবার। সে (এমবাপে) সুযোগ পেয়েছে, কিন্তু কয়েকবার অফসাইড হয়ে গেছে। তিন-চারটি সুযোগ সে পেয়েছে, যেখানে নিশানা আরও নিখুঁত হওয়া প্রয়োজন ছিল তার।”

বড় ব্যবধানের এই পরাজয়ে আনচেলত্তির হৃদয়ে দহন হচ্ছে। ৪২ ম্যাচের অপরাজেয় পথচলা শেষ হয়ে যাওয়াটাও তাকে পোড়াচ্ছে ভীষণভাবে। 

“আমরা কষ্ট পাচ্ছি… খুবই কঠিন মুহূর্ত। হেরে যাওয়া মানে সবসময়ই কঠিন মুহূর্ত। এত ম্যাচ অপরাজেয় থাকার পর হেরে যাওয়াটা আরও কঠিন।”

“তবে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা পাশে থাকার জন্য। সবকিছু ছুড়ে ফেলে নতুন শুরুর প্রয়োজন নেই আমাদের, কারণ ছুড়ে ফেলার মতো কিছু নেই।”

তবে হতাশায় একদম মুষড়ে পড়ছেন না আনচেলত্তি। বড় জয় হোক বা বিশাল ব্যবধানের পরাজয়, কোচদের সবসময় নতুন করেই শুরু করতে হয়। রেয়াল মাদ্রিদ কোচও নতুন আশায় সামনে তাকাচ্ছেন। মৌসুমের স্রেফ ১১ ম্যাচ গেল। এখনই নুইয়ে পড়ার কারণ দেখছেন না কোচ। 

“ম্যাচের শেষ ৩০ মিনিট ভুলে যেতে হবে আমাদের। মৌসুম এখনও অনেক লম্বা, আমাদের হাল ছেড়ে দেওয়া চলবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। আগেও আমরা হার থেকে শিখে ভালো করেছি। মৌসুমের এখনও অনেক বাকি। দল আজকে আরও ভালো করতে পারত এবং সামনে ভালো করবে।”