লাইপজিগকে হারিয়ে লিভারপুলের তিনে তিন
এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে সবগুলোই হারল জার্মান দল লাইপজিগ।
আগের ব্যর্থতা ঝেড়ে ফেলতে শুরু থেকে শেষ পর্যন্ত মরিয়া হয়ে চেষ্টা করল লাইপজিগ। সুযোগও পেল অনেক। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা আর পেল না। চ্যাম্পিয়ন্স লিগে ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে চলা জার্মান দলটিকে হারিয়ে সাফল্যের ধারা ধরে রাখল লিভারপুল।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। একমাত্র গোলটি করেছেন দারউইন নুনেস।
আসরে তিন ম্যাচ খেলে সবগুলোই জিতল লিভারপুল, ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।
আর লাইপজিগের এবারের মৌসুম যেন দুটি ভিন্ন রূপে চলছে। ঘরোয়া লিগ বুন্ডেসলিগায় তারা সাত ম্যাচ খেলে অপরাজিত; শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সেই তারাই ইউরোপ সেরার মঞ্চে তিন ম্যাচ খেলে হারল প্রতিটিতে!
এদিনও বলা যায় ভাগ্য তাদের ঠিক পক্ষে ছিল না। প্রতিপক্ষের রক্ষণে কয়েকবার ভীতি ছড়ানোর পর ২৬তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে বল পাঠান লোইস ওপেনদা। কিন্তু সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
এর পরের মিনিটেই পাল্টা আক্রমণে এগিয়ে যায় লিভারপুল। সতীর্থের ক্রস বক্সে পেয়ে কোনাকুনি হেড করেন মোহামেদ সালাহ, বল লক্ষ্যেই ছিল আবার পোস্টেও লাগতে পারতো; ছুটে গিয়ে ছোট্ট টোকায় অনিশ্চয়তা দূর করে দেন উরুগুয়ের ফরোয়ার্ড নুনেস।
লক্ষ্যে এটাই ছিল লিভারপুলের প্রথম শট। তবে গোলের সঙ্গে যেন ছন্দও ফিরে পায় তারা। পরের ১০ মিনিটে লক্ষ্যে আরও তিনটি প্রচেষ্টা রাখে দলটি।
৩৭তম মিনিটে ব্যবধান বাড়তে পারতো; ভার্জিল ফন ডাইকের হেডে বল ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল, একেবারে শেষ মুহূর্তে এক হাত দিয়ে বল বাইরে পাঠান গোলরক্ষক।
বিরতির পরও পজেশন ধরে রেখে খেলতে থাকা লিভারপুল ৭০তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি। আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের জোরাল শট ক্রসবারে বাধা পায়।
পরের তিন মিনিটে লাইপজিগও দারুণ কিছু সুযোগ তৈরি করে। ৭২তম মিনিটে শাভি সিমন্সের কোনাকুনি উঁচু শট ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান কুইভিন কেলেহার।
১০ মিনিট পর আরও একবার জালে বল পাঠিয়েও গোল পায়নি লাইপজিগ। এবার কাছ থেকে লক্ষ্যভেদ করা ওপেনদা অফসাইডে ছিলেন। বাকি সময়ও সেই হতাশা আর পিছু ছাড়েনি তাদের।
সিটির বড় জয়ে হলান্ডের জোড়া গোল
ইন্টার মিলানের সঙ্গে ড্রয়ে আসর শুরুর পর, টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাহা।
ঘরের মাঠে ম্যাচটি ৫-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। তাদের অন্য তিন গোলদাতা ফিল ফোডেন, জন স্টোন্স ও মাথেউস নুনেস।
দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে স্থানে ইংলিশ চ্যাম্পিয়নরা।
