Published : 03 Sep 2026, 05:52 PM
‘এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না’, ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করা এন্সো ফের্নান্দেস এবার বললেন, তার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ার কথা। এমন একটি বড় ক্লাবের জার্সিতে যে অনেকদিন ধরেই খেলার অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
গত মঙ্গলবার দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার আধা ঘণ্টা পর চেলসি থেকে ফের্নান্দেসকে দলে নেওয়ার ঘোষণা দেয় সিটি। ২৫ বছর বয়সী তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে তারা।
চুক্তির আর্থিক বিষয় প্রকাশ না করা হলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সাড়ে ১২ কোটি পাউন্ডে হয়েছে এই দলবদল। ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড স্পর্শ হয়েছে এতে।
স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগ জিতেছেন ফের্নান্দেস। তবে সিটিতে যোগ দিয়ে আরও বড় সাফল্য অর্জন করতে চান তিনি।
নতুন ক্লাবের ওয়েবসাইটে কথা বলার সময় ফের্নান্দেস বলেন, এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ তিনি।
“এখানে এসে আমি সত্যিই অনেক খুশি। সিটির মতো বড় একটি ক্লাবে খেলা আমার সব সময়ের স্বপ্ন ছিল। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। আমার ও আমার পরিবারের জন্য এটা খুব আবেগের মুহূর্ত। ২৫ বছর বয়সে ফুটবল ক্যারিয়ারে এমন একটি পদক্ষেপ নেওয়া- যেটার স্বপ্ন আমি সব সময় দেখেছি।
“আমি এখানে এসে খুব খুশি এবং ক্লাবে প্রথম কয়েকটা ঘণ্টা বেশ উপভোগ করছি। ইতোমধ্যেই বুঝতে পারছি এটা কত বড় একটি ক্লাব। আমরা একসঙ্গে সময়টা উপভোগ করব এবং অনেক ট্রফি জিতব।”
চেলসিতে এন্টসো মারেস্কার কোচিংয়ে খেলেছেন ফের্নান্দেস। এবার সিটিতেও মারেস্কাকেই কোচ হিসেবে পাচ্ছেন তিনি। তাই নতুন ঠিকানায় ভালো কিছুর আশায় আছেন এই ফুটবলার।
গত ১০ বছরে ২০টি শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। আরও সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান ফের্নান্দেস।
“ম্যানচেস্টার সিটি যে শিরোপাগুলোর জন্য লড়াই করে, সবগুলোই তাদের জিততে হবে। যে প্রতিযোগিতাতেই খেলি না কেন, সেখানে লড়াই করতে হবে এবং জিততে হবে। কারণ এই ক্লাবের ইতিহাসই এমনটা দাবি করে।
“সত্যি বলতে, প্রথম দিন থেকেই তারা আমার ওপর আস্থা রেখেছে। যখন বলেছে, তারা আমাকে দলে নিতে চায়, তখন আমি এক সেকেন্ডের জন্যও দ্বিধা করিনি। তারা এমন একটা ক্লাব যারা সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর শিরোপা জিতেছে। তারা ফুটবলে নতুন ইতিহাস গড়ছে এবং আমার জন্য এটা বিশাল চ্যালেঞ্জ।”
দীর্ঘদিনের কোচ পেপ গুয়ার্দিওলা বিদায়ের পর সিটিতে দ্রুত পরিবর্তনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, ফের্নান্দেসের আগমন দিয়ে আপাতত সেটা শেষ হলো।
এবারের দলবদলে এলিয়ট অ্যান্ডারসন, আয়ুব বুয়াদি, অ্যালান এলিয়াস ও ইলিমান এনদিয়ায়েওকে দলে টেনেছে সিটি। অন্যদিকে রদ্রি, জন স্টোন্স, বের্নার্দো সিলভা, নিকো গন্সালেস, টিয়ানি রেইনডার্স, সাভিও, ওমার মার্মুশ ও ন্যাথান আকে ক্লাব ছেড়েছেন।
নতুন খেলোয়াড়দের দলে নিতে ৪০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে সিটি। খেলোয়াড় বিক্রি করে অন্তত ৩০ কোটি পাউন্ড আয়ও করেছে ক্লাবটি।