২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে বাছাইয়ের শেষ ম্যাচে খেলবেন না মেসি

দলের সঙ্গে একুয়েডরে যাবেন না আর্জেন্টিনা অধিনায়ক।

যে কারণে বাছাইয়ের শেষ ম্যাচে খেলবেন না মেসি
একুয়েডরের বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচ বাকি আরও একটি। তবে সেই ম্যাচে খেলবেন না অধিনায়ক লিওনেল মেসি। দলের সঙ্গে একুয়েডরে যাবেন না এই মহাতারকা।

বুয়েন্স এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলে জয়ের নায়ক মেসি। আবেগঘন ম্যাচে জোড়া গোল করেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে এটিই ছিল তার শেষ ম্যাচ।

ম্যাচের পর ৩৮ বছর বয়সী মেসি জানান, কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনা করে বাছাইয়ের শেষ ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে যোগ দেবেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।

“লিওর (স্কালোনি) সঙ্গে কথা বলেছি আমি। তিনি আমাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবে চোট থেকে সেরে উঠেছি। যদিও এখন ঠিকঠিক আছি। তবে আমার ভ্রমণ না করার এবং অন্য ম্যাচটি না খেলার সিদ্ধান্ত হয়েছে। আমরা এমএলএসে (মেজর লিগ সকার) খেলছি, এটাই লক্ষ্য।”

ক্লাবের হয়ে গত মাসে চোট বেশ ভুগিয়েছে মেসিকে। সেটিও তুলে ধরলেন ইন্টার মায়ামি অধিনায়ক। 

“চোট আমাকে ১৫ দিন মাঠের বাইরে রেখেছিল, যা আমার ছন্দ নষ্ট করেছে... আশা করি, বছরটি ভালোভাবে শেষ করতে পারব এবং তারপর প্রাক-মৌসুম ভালোভাবে শুরু করব।”

শেষ ম্যাচে মেসিকে না খেলানোর ব্যাখ্যা দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনিও।

“সে একুয়েডরে যাবে না। (ভেনেজুয়েলা ম্যাচে) শেষের দিকে ক্লান্ত হয়ে পড়েছিল সে। তার (মাঠ থেকে) উঠে আসা উচিত ছিল। সেটা সে করেনি, কারণ এই ম্যাচে আবেগের জায়গা ছিল এবং পুরো ম্যাচে তাকে খেলানোর বিষয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম। সে একুয়েডরে যাচ্ছে না। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাওয়াটা তার প্রাপ্য।”

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগে থেকেই মেসির। ভেনেজুয়েলার জালে দুইবার বল পাঠিয়ে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তিনি (৩৬)। পাশাপাশি এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলায় শীর্ষে থাকা একুয়েডরের ইভান উতার্দোর রেকর্ডও তিনি স্পর্শ করেছেন (৭২)। শেষ ম্যাচে না খেলায় রেকর্ডটি একার করে নেওয়া হচ্ছে না মেসির।   

বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে একুয়েডরের মাঠে খেলবে আর্জেন্টিনা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা।