রেফারিকে ঘুষি: ৩ বছর ৭ মাস জেল তুর্কির সাবেক ক্লাব প্রধানের
ওই ঘটনায় আরও তিন জনকে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বছর খানেক আগে তুরস্কের লিগ ম্যাচের পর রেফারিকে শারীরিক আক্রমণ করার ঘটনায় বড় শাস্তি পেয়েছেন আংকারাগুজুর সাবেক সভাপতি ফারুক কোচা। তাকে সাড়ে তিন বছরের বেশি সময়ের কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত।
গত বছরের ডিসেম্বরে তুর্কি সুপার লিগে সায়কুর রিজেসপরের বিপক্ষে আংকারাগুজুর ১-১ ড্র ম্যাচের পর ঘটে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে সমতা ফেরায় রিজেসপর। শেষ বাঁশি বাজার পরই মাঠে ছুটে গিয়ে রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন কোচা। আংকারাগুজুর সভাপতির পাশাপাশি আরও অনেকের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া মেলেরকে লাথিও মারা হয়।
ঘটনাটি বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছিল এবং লিগের সকল ম্যাচ কয়েক সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল তুর্কি ফুটবল ফেডারেশন।
‘ইচ্ছাকৃতভাবে একজন অফিসিয়ালকে আহত করার’ জন্য সোমবার আংকারার আদালত কোচাকে দোষী সাব্যস্ত করে ৩ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছে।
রেফারিকে হুমকি এবং খেলাধুলায় সহিংসতা প্রতিরোধে করা আইন লঙ্ঘন করার জন্যও কোচাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে এর জন্য সাজা স্থগিত থাকবে।
রেফারিকে আক্রমণ করার দায়ে আরও তিন জন বিচারাধীন ছিলেন, তাদের এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওই ঘটনার পর ক্লাব সভাপতির পদ থেকে পদত্যাগ করা কোচা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর অল্প সময় জেলে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।
ওই ঘটনায় আংকারাগুজুকে ২০ লাখ তুর্কি লিরা জরিমানা করার পাশাপাশি তাদের পাঁচটি হোম ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলতে নির্দেশ দেওয়া হয়েছিল।
রেফারিকে তখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তার চোখের কাছে ছোট্ট চিড় ধরা পড়েছিল।
