রোমাঞ্চকর মোড়ে চ্যাম্পিয়ন্স লিগ, অনিশ্চয়তার দোলাচলে ২৫ দল
ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো দল থাকবে ছিটকে পড়ার শঙ্কায়, রেয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো তারকায় ঠাসা দলগুলোর সামনে ঝুলবে প্লে-অফের অনিশ্চয়তা, কে ভেবেছিল?
চারটি দল বাড়িয়ে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন যে বাড়তি উন্মাদনা ছড়াবে, সেটা প্রত্যাশিতই ছিল। তবে এর মাত্রা যে এমন আকাশছোঁয়া হবে, তা হয়তো ভাবেননি কেউ।
প্রথম ধাপের শেষ ম্যাচের আগে ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো দল থাকবে ছিটকে পড়ার শঙ্কায়, রেয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো তারকায় ঠাসা দলগুলোর সামনে ঝুলবে প্লে-অফের অনিশ্চয়তা, কে ভেবেছিল?
প্রথম সাত রাউন্ডের রোমাঞ্চে ঠাসা সব লড়াইয়ের পর এখন এর সবই বাস্তব। তাতে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির শেষ রাউন্ড রূপ নিয়েছে নাটকীয় এক ‘ফাইনালে’, যেখানে ৩৬ দলের মধ্যে ২৫টির ভাগ্য নির্ধারিত হবে।
লিগ পর্বের শেষ রাউন্ডের ১৮ ম্যাচের সবগুলো মাঠে গড়াবে একই সময়ে, আগামী বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায়।
এর আগে প্রতিযোগিতাটির প্রথম পর্ব হতো চারটি করে দল নিয়ে আটটি গ্রুপে। যেখানে বেশিরভাগ সময়ই অনেক গ্রুপের শেষ রাউন্ড রূপ নিত নিয়মরক্ষার লড়াইয়ে। সেখানে এবার শক্তিশালী অনেক দলের সামনে নেমে আসতে পারে খড়গ।
অবিশ্বাস্য সব নাটকীয়তার জন্য লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার যেমন রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি লিখেছেন, “অনেক বছর ধরে ভীষণ ক্লান্তিকর শেষ ম্যাচডের পরিবর্তে এবার দুর্দান্ত কিছুর হাতছানি।”
“আগামী সপ্তাহটা হবে দারুণ রোমাঞ্চকর।”
নকআউট পর্বে উঠবে কতগুলো দল:
পূর্বের মতোই নকআউট পর্ব শুরু হবে শেষ ষোলো দিয়ে। পাল্টে গেছে শুধু এর টিকেট পাওয়ার লড়াই।
নতুন আঙ্গিকের লড়াইয়ে টেবিলের শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। শেষ ষোলোয় এই দলগুলো ফিরতি লেগ খেলবে ঘরের মাঠে।
আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
এখানে ৯-১৬ স্থানের দলগুলো তাদের ফিরতি লেগ খেলবে নিজেদের মাঠে।
২৫তম এবং এরপরের বাকি দলগুলো বিদায় নেবে ইউরোপের মঞ্চ থেকে। ইউরোপা লিগেও জায়গা পাবে না তারা।
প্লে-অফের ম্যাচগুলো হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। শেষ ষোলোর ম্যাচগুলো হবে মার্চের প্রথম দুই সপ্তাহে।
পরের ধাপে উঠেছে কোন দলগুলো, বাদ পড়েছে কারা:
শীর্ষ আট নিশ্চিত: লিভারপুল ও বার্সেলোনা
সেরা ২৪-এ জায়গা নিশ্চিত (অন্তত): আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, এসি মিলান, আতালান্তা, বায়ার লেভারকুজেন, অ্যাস্টন ভিলা, মোনাকো, ফেইনুর্ড, লিল, ব্রেস্ত, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, রেয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও সেল্টিক।
টিকে থাকা অনিশ্চিত: পিএসভি, ক্লাব ব্রুজ, বেনফিকা, পিএসজি, স্পোর্তিং, স্টুটগার্ট, ম্যানচেস্টার সিটি, দিনামো জাগরেব, শাখতার দোনেৎস্ক
বিদায় নিশ্চিত: বোলোনিয়া, স্পার্তা প্রাগ, লাইপজিগ, জিরোনা, রেড স্টার বেলগ্রেড, স্টুহাম খাৎস, সালসবুর্ক, স্লোভান ব্রাটিস্লাভা, ইয়াং বয়েজ
