২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষের নাটকীয়তায় মেসিদের রুদ্ধশ্বাস জয়

উত্তেজনাময় ম্যাচের শেষ দিকে রোমাঞ্চকর সমাপ্তিতে মায়ামির জয়, নিজে গোল না পেলেও দলের দুটি গোলেই অবদান লিওনেল মেসির।

শেষের নাটকীয়তায় মেসিদের রুদ্ধশ্বাস জয়
নিজে গোল করে মেসিকেই কোলে তুলে নিলেন ভাইগান্ট। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 10:12 AM

Updated : 26 Aug 2026, 01:29 PM

আক্রমণ আর পাল্টা আক্রমণে উত্তেজনাময় ম্যাচটিতে শেষ দিকে জমে উঠল যেন চূড়ান্ত রোমাঞ্চ। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লিওনেল মেসি দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণভাবে বল দিলেন বক্সের ভেতর লুইস সুয়ারেসকে। তিনিও দুজনের পাশ দিয়ে আবার আলতো করে পাস দিলেন বক্সের ভেতর ঢুকে পড়া মেসিকে। আর্জেন্টাইন জাদুকর এবার হালকা টোকায় বল বাড়ালেন গোলমুখে। এগিয়ে এসে শুয়ে পড়ে পা বাড়িয়ে বল জালে পাঠালেন মার্সেলো ভাইগান্ট।

গোল করে আর্জেন্টাইন এই ডিফেন্ডার ছুটে এসে কোলে তুলে নিলেন মেসিকে। উল্লাসে মেতে উঠলেন অন্যরাও, কিন্তু দ্রুতই থামতে হলো তাদের। সহকারী রেফারি যে অফসাইডের পতাকা উঁচিয়ে ধরেছেন! দলের কেউ তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কোচ হাভিয়ের মাসচেরানো বারবার বলছিলেন ভিএআর দেখতে। শেষ পর্যন্ত ভিএআর থেকেই এলো সিদ্ধান্ত। গোল বৈধ!

প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উল্লাসে মেতে উঠলেন মেসি। মেক্সিকোর ক্লাব আতলাস এফসির বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে লিগস কাপ শুরু করল ইন্টার মায়ামি। 

মেসি গোল না পেলেও দলের দুটি গোলই আসে তার সহায়তায়। 

মায়ামির মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। জমজমাট ম্যাচটিতে ম্যাচের ৫৫ শতাংশ সময় বল ধরে রেখে গোলে ১৯টি শট নেয় মায়ামি। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। আতলাস গোলে ১৫টি শট নিলেও লক্ষ্যে রাখে ৭টি।

এই ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে অভিষেক হয় রদ্রিগো দে পলের। পুরো সময় খেলে নিজেকে যথেষ্ট মেলে ধরেন আর্জেন্টাইন মিডফিল্ডার।  

মায়ামিতে অভিষিক্ত রদ্রিগো দে পল উল্লাসে মেতে উঠলেন মেসি ও সুয়ারেসের সঙ্গে। ছবি: রয়টার্স।

মায়ামিতে অভিষিক্ত রদ্রিগো দে পল উল্লাসে মেতে উঠলেন মেসি ও সুয়ারেসের সঙ্গে

সপ্তম মিনিটে তাদেও আইয়েন্দের পাসে বক্সের ভেতর ভাইগান্টের পায়ে লেগে বল যায় তেলাস্কো সেগোভিয়ার কাছে। ভেনেজুয়েলার মিডফিল্ডারের শট আতলাসের একজনের পায়ে লেগে উড়ে যায় বারের ওপর দিয়ে।

মেসি তখন মাঠের মাঝে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। একটু শুশ্রূষার পর উঠে আবার ছুটতে শুরু করেন তিনি। 

২২তম মিনিটে অন্য প্রান্ত থেকে উড়ে আসা বল পেয়ে ডানপ্রান্ত দিয়ে এগিয়ে যান মেসি। দারুণ এক থ্রু বল বাড়ান তিনি আইয়েন্দেকে। আর্জেন্টাইন উইঙ্গার বক্সে ঢুকে গড়ানো কোনাকুনি শট নেন। তবে পা বাড়িয়ে আতলাসকে রক্ষা করেন গোলকিপার কামিলো ভার্গাস।

২৫তম মিনিটে গোলের খুব কাছাকাছি যায় আতলাস। আলফোন্সো গন্সালেসের দারুণ ক্রসে বক্সের ভেতর ফাঁকায় থেকে হেড করেন এদুয়ার্দো আগিরে। ডাইভ দিয়ে আলতো করে আঙুল ঠেকিয়ে কোনোরকমে বাইরে পাঠিয়ে দেন মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো। 

প্রথমার্ধের শেষ মুহূর্তে সবচেয়ে সুবর্ণ সুযোগটি পান লুইস সুয়ারেস। তার সামনে গোলকিপার ছিল একা। কিন্তু অভিজ্ঞ ফরোয়ার্ডের গতিময় শট ফিরে আসে গোলবারে লেগে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির হেড বেশ বাইরে দিয়ে চলে যায়। মিনিট দুয়েক পর বক্সের ভেতর থেকে সুয়ারেসের আরেকটি গতিময় শট দারুণ দক্ষতায় ঠেকান আতলাস গোলকিপার ভার্গাস। 

৫৮তম মিনিটে অবশেষে মায়ামির সেই কাঙ্ক্ষিত গোল। অ্যাসিস্ট অফিসিয়ালি মেসির হলেও গোলটিতে বড় অবদান সের্হিও বুসকেতসের। বক্সের ভেতর সেগোভিয়ার শট আতলাসের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের ঠিক বাইরে থাকা বুসকেতসের পায়ে। তিনি দারুণ এক ডিফেন্স চেরা পাসে খুঁজে নেন গোলের একদম সামনে ফাঁকায় থাকা মেসিকে।

আতলাসের গোলকিপার ততক্ষণে ছুটে আসছেন। মেসি আলতো করে বল বাড়ান আইয়েন্দেকে। সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে তিনি কাছ থেকে বল পাঠান জালে।

মিনিট দুয়েক পরই আরেকটি সুযোগ হাতছাড়া করেন সুয়ারেস। 

আতলাস সমতায় ফেরে ৮০তম মিনিটে। জটলার মধ্য থেকে গোল করেন রিভালদো লোসানো। 

তিন মিনিট পর বক্সের ভেতর থেকে সুয়ারেসের আরেকটি শট দারুণ রিফ্লেক্স দেখিয়ে বাইরে পাঠিয়ে দেন ভার্গাস।

এরপর শেষ সময়ের সেই নাটক ও মেসিদের দারুণ জয়ের উল্লাস।

মেক্সিকোর লিগা এমএক্স ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলগুলিকে নিয়ে হয় লিগস কাপ। ৩৬ দলের এবারের আসরে অংশ নিচ্ছে এমএক্সের ১৮ দলের সবকটি ও মেজর লিগ সকারের সেরা ১৮ দল।

টুর্নামেন্টটি ২০২৩ সালে বড় আকারে শুরুর পর প্রথম শিরোপা জিতেছিল মায়ামি। গত আসরে ট্রফি জেতে যুক্তরাষ্ট্রেরই কলম্বাস ক্রু।