২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চোটে ছিটকে গেলেন রিবাকিনা, এক নম্বরে টিকে গেলেন সাবালেঙ্কা

এই সময় চোট পাওয়ায় দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলার সম্ভাবনা এখন হুমকির মুখে।

চোটে ছিটকে গেলেন রিবাকিনা, এক নম্বরে টিকে গেলেন সাবালেঙ্কা
এলেনা রিবাকিনা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 04:48 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

আরিনা সাবালেঙ্কাকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অভিযানে ছুটতেই পারলেন না এলেনা রিবাকিনা। ইগা শিয়াওতেকের বিপক্ষে সিনসিনাটি ওপেনের কোয়ার্টার-ফাইনালে বাঁ অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে গেলেন কাজাখস্তান তারকা।

আগের দিন টুর্নামেন্টের অবাছাই সারা বেইলেকের বিপক্ষে দুই সেটেই শক্ত অবস্থান থেকে পথ হারিয়ে হেরে যান মেয়েদের এককের নাম্বার ওয়ান সাবালেঙ্কা। তাতে রিবাকিনার সামনে সুযোগ আসে র‌্যাঙ্কিংয়ে সিংহাসনে বসার। এজন্য সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠতে হতো তাকে; কিন্তু চোটের কাছে হার মানলেন তিনি।

শিয়াওতেকের বিপক্ষে প্রথম সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর মেডিকেল টাইমআউট নেন রিবাকিনা। ট্রেইনারের সঙ্গে আলোচনার পর, আর কেবল একটি পয়েন্টের জন্য লড়াই করেই সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়।

পরে হতাশাভরা কণ্ঠে নিজের শারীরিক অবস্থা জানান অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রিবাকিনা।

“অবশ্যই আমি খুব ভালো অনুভব করছি না, এমনকি ঠিকঠাক সার্ভ করতেই পারছিলাম না। 

“হাঁটার সময়ও ব্যথা করছিল। এমআরআই করার পর আগামীকাল আমরা ভালোভাবে জানতে পারব (চোটের অবস্থা)। অনেক দিন ধরেই এটা আমাকে ভোগাচ্ছে, যদিও আমার মনে হয়েছিল যে আমি এটা সয়ে নিতে পারব।”

ম্যাচের আগে সবকিছু ঠিকঠাক ছিল বলেও জানান রিবাকিনা। কিন্তু ম্যাচে একটা ভুল মুভমেন্টে একটু বেকায়দায় পা পড়েই এই অঘটন ঘটে গেল।

আগামী ৩০ অগাস্ট শুরু হবে ইউএস ওপেন। এই সময় এভাবে চোট পেয়ে ছিটকে যাওয়ায় দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলার সম্ভাবনা হুমকির মুখে পড়ে গেল।

গত সপ্তাহে কানাডিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনাকে হারানো পোলিশ তারকা শিয়াওতেক সেমি-ফাইনালে খেলবেন র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিপক্ষে।