১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিলবাওয়ের মাঠে পিএসজির হোঁচট

সব মিলিয়ে শেষ তিন ম্যাচে দুইবার পয়েন্ট হারাল প্যারিসের দলটি।

বিলবাওয়ের মাঠে পিএসজির হোঁচট
বিলবাওয়ের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও জিততে পারল না পিএসজি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 04:36 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বল দখলে রাখায় ও আক্রমণে দুই অর্ধেই আধিপত্য করল পিএসজি। কিন্তু ব্যবধান গড়ে দিতে পারলেন না দলটির কেউ। ফলে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট হারাল গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

প্রতিপক্ষের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল।

প্রথমার্ধে বল দখলে একচেটিয়া আধিপত্য করে গোলের জন্য ৯ শট নিয়ে একটিমাত্র লক্ষ্যে রাখতে পারে পিএসজি।

বিরতির পর বেশ কয়েকটি গোছানো আক্রমণ করে তারা। কিন্তু গন্সালো রামোস, ফাবিয়ান রুইসরা পারেননি দলকে লক্ষ্যে পৌঁছে দিতে।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে এই নিয়ে দুইবার পয়েন্ট হারাল প্যারিসের দলটি।

গত মাসের শেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হেরে লিগ আঁর শীর্ষস্থান হারায় পিএসজি। লিগের পরের ম্যাচে রেনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেলেও, চ্যাম্পিয়ন্স লিগে এসে আবার হোঁচট খেল তারা।

অবশ্য অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসায় তারপরও টেবিলে উন্নতি হয়েছে পিএসজির। ম্যানচেস্টার সিটি ও আতালান্তার সমান ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

১৫ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ দুইয়ে ও ১৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে আছে।

একই সময়ে শুরু আরেক ম্যাচে বেনফিকার মাঠে ২-০ গোলে হেরে গেছে নাপোলি। ৭ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে নেমে গেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। আর ৬ পয়েন্ট নিয়ে তাদের দুই ধাপ নিচে পর্তুগালের ক্লাব বেনফিকা।

দাপুটে জয়ে আর্সেনালের ছয়ে ছয়

অসংখ্য সুযোগ হাতছাড়া করে সিটির বিপক্ষে হারল রেয়াল মাদ্রিদ