২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো ফাইনালের পরাজয়ে বিশ্বকাপ জয়ের জ্বালানি খুঁজছেন কেইন

স্পেনের কাছে ওই ফাইনালে হারের হতাশা থেকেই প্রেরণা নিয়ে আগামী বিশ্বকাপে স্বপ্ন পূরণের পথে ছুটতে চান হ্যারি কেইন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2024, 12:55 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

ইউরো শেষ হওয়ার দুই মাস হতে চলল। তবে ফাইনালের হারের ক্ষত এখনও দগদগে হ্যারি কেইনের হৃদয়ে। সেই ব্যথা থেকে মুক্তি চান না তিনি। বরং এই যন্ত্রণাকেই করে নিতে চান স্বপ্ন পূরণের প্রেরণা। ইংল্যান্ড অধিনায়ক আরও উজ্জীবিত হয়ে ছুটতে চান বিশ্বকাপ জয়ের পথে। 

ইউরোর ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলের হারের পর শনিবার প্রথম মাঠে নামবে ইংল্যান্ড। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা শুরু করবে নেশন্স লিগের অভিযান। 

নতুন শুরুর আগে পেছন ফিরে তাকাতে হচ্ছে কেইনকে। সেখানে হতাশা যেমন আছে, তেমনি প্রাপ্তির রসদও পাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক। সেসবকে সঙ্গী করেই তিনি এগিয়ে যেতে চান সামনে। 

“ফাইনালে উঠতে পারা আমাদের জন্য ছিল দারুণ ব্যাপার। মোটেও সহজ ছিল টুর্নামেন্ট। বেশ কিছু ম্যাচে আমরা প্রত্যাশিত ফুটবল খেলতে পারিনি। তার পরও ইতিবাচক ব্যাপার যে, আমরা ফাইনালে উঠেছিলাম। ফাইনালে হেরে গেলে আসলে আগের সবকিছুই দ্রুত মিলিয়ে যায় এবং নিজের জীবনে ফিরতে হয়। বিরতির সময়টা দ্রুতই কেটে যায়, চোখের পলকে যেন নতুন মৌসুম শুরু হয়।”

“এখনও পুরোপুরি কাটেনি (হারের হতাশা)। তবে এগিয়ে যেতেই হয় এবং ব্যক্তিগত জায়গা থেকে খেয়াল করতে হয়, কোথায় উন্নতি করা যায় এবং নতুন মৌসুমে তা কাজে লাগানো যায়।”

শুধু ইউরোতে নয়, গত চার বছরের ধারাবাহিকতা থেকেও প্রেরণা পাচ্ছেন কেইন। সামনের পথচলায় তিনি চেষ্টা করতে চান নতুন উচ্চতা ছুঁতে। 

“দল হিসেবে গত মৌসুম থেকে অনেক ইতিবাচক কিছু বয়ে আনতে পারি আমরা। সত্যি বলতে, গত চার বছরের পারফরম্যান্স থেকেই ইতিবাচক অনেক কিছু পাই। তবে দিন শেষে ব্যাপারটি উন্নতির এবং আমাদের অনেক জায়গা আছে উন্নতি করার। আমাদের কাজ এখন সেটিই, আরও ভালো হয়ে ওঠার চেষ্টা করা। এই ম্যাচগুলি ও সামনের অনুশীলন ক্যাম্পগুলি দারুণ সুযোগ নিজেদের আরও শাণিত করার।”

ইউরোর ফাইনালে হারের প্রসঙ্গ তবু উঠে আসে আবারও। কেইন সেটা এড়িয়েও যান না। স্বপ্নভঙ্গের বেদনাকেই তিনি প্রেরণা করে নিতে চান স্বপ্ন পূরণের নতুন অভিযানে। 

“প্রতিটি পরাজয়ই তাদের মতো করে আলাদা। এটা কঠিন। আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়া ছোঁয়ার এত কাছে পৌঁছে যাওয়ার পর যখন তা ধরা দেয় না এভাবে, তখন তা সত্যিই কঠিন। তবে দিন শেষে, জীবন এগিয়ে যায়। উঠে দাঁড়িয়ে আবার ছুটতে হয়।”

“আমি যেভাবে দেখি, এটা আমাকে আরও বেশি অনুপ্রেরণা জোগাচ্ছে, হৃদয়ে আরও বেশি তাড়না অনুভব করছি আবার সেখানে যাওয়ার বা বিশ্বকাপে যাওয়ার এবং ভিন্ন ফল বয়ে আনার।”

নেশন্স লিগের শুরুতে ইংল্যান্ড খেলবে নতুন কোচের তত্ত্বাবধানে। যার কোচিংয়ে টানা দুটি ইউরোর ফাইনালে খেলেছে ইংল্যান্ড, সেই গ্যারেথ সাউথগেট পদত্যাগ করেছেন এবারের ফাইনালে হারের পর। ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক মিডফিল্ডার লি কার্সলি, আয়ারল্যান্ডের হয়ে যিনি খেলেছেন ৪০টি আন্তর্জাতিক ম্যাচ।

নেশন্স লিগে ইংল্যান্ড এবার খেলছে ‘বি’ লিগে। আয়ারল্যান্ডের সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার কেইনদের প্রতিপক্ষ ফিনল্যান্ড।