২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের ‘ব্ল্যাঙ্ক চেক’ ফিরিয়ে গুয়ার্দিওলাকেও না বলেছিলেন নেইমার

তখন বার্সেলোনা ছাড়া অন্য কোথাও খেলার কথা কল্পনাও করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

রেয়াল মাদ্রিদের ‘ব্ল্যাঙ্ক চেক’ ফিরিয়ে গুয়ার্দিওলাকেও না বলেছিলেন নেইমার
নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

নেইমারের বাবা অনেকবারই বলেছেন, তার ছেলেকে খুব করে পেতে চেয়েছিল রেয়াল মাদ্রিদ। এবার নেইমার বললেন, তাকে বায়ার্ন মিউনিখে নিতে চেয়েছিলেন পেপ গুয়ার্দিওলাও। এজন্য তার বাড়িতে পর্যন্ত হাজির হয়েছিলেন এই স্প্যানিশ কোচ। তবে কারও প্রস্তাবেই তিনি রাজি হননি। তখন বার্সেলোনা ছাড়া অন্য কোথাও খেলার কথা কল্পনাও করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।   

২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। সেই সময়ের স্মৃতি স্মরণ করে শুক্রবার এক ‘পডকাস্টে’ নেইমার তুলে ধরলেন তাকে পেতে রেয়াল মাদ্রিদের চমকপ্রদ প্রস্তাবের কথা।

“রেয়াল মাদ্রিদের কাছ থেকে প্রস্তাব ছিল ব্ল্যাঙ্ক চেক (সই করা চেক, অর্থের অঙ্ক নিজের মতো বসিয়ে নেওয়া যায়) দিয়ে। তারা আমাকে বলেছিল, আমি যা চাই তাই পেতে পারি... কিন্তু আমি বার্সাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। রেয়াল মাদ্রিদে আমি তিনগুণ বেশি অর্থ উপার্জন করতাম। ফ্লোরেন্তিনো (রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস) আমাকে পছন্দ করতেন। কিন্তু রোনালদিনিয়ো সেখানে (বার্সেলোনায়) খেলেছেন এবং আমি (লিওনেল) মেসির সঙ্গে খেলতে চেয়েছিলাম।”

তাকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পেতে গুয়ার্দিওলা কতটা মরিয়া ছিলেন, সেটিও তুলে ধরলেন ৩৩ বছর বয়সী নেইমার।

“পেপ গুয়ার্দিওলার কারণে আমি প্রায় বায়ার্নে যোগ দিয়েই ফেলছিলাম...। পুসকাস অ্যাওয়ার্ড জয়ের পর আমার বাবা রাত ২টায় আমাকে ফোন করলেন। আমি ফোন ধরলাম এবং তিনি আমাকে দরজা খুলতে বললেন... আমি অন্তর্বাস পরে ছিলাম। আমার বাবার সঙ্গে ছিলেন পেপ গুয়ার্দিওলা ও অনুবাদক! পেপ আমাকে বললেন: আমি তোমাকে দলে নিতে চাই এবং আমি (আগামীতে) যেই ক্লাবেই যাই না কেন, তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে বিশ্বের সেরা খেলোয়াড় বানাব।”

“তিনি আমাকে একটি কাগজ দেখালেন, তার ল্যাপটপ খুললেন এবং বললেন, আমি কোথায় খেলব... পেপ আরও বললেন: যদি তুমি এক মৌসুমে ৬০ গোল না করতে পারো, তাহলে আমার নাম বদলে দিও। আমি বললাম... ঠিক আছে, কিন্তু কোন দলে খেলব? পেপ আমাকে বললেন, তিনি বলতে পারবেন না, কিন্তু আমি তাকে বলতে রাজি করালাম এবং তিনি বললেন: তোমাকে বায়ার্নের জন্য নেব। কিন্তু শেষ পর্যন্ত আমি বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।”

বার্সেলোনায় চার বছরে অনেক সাফল্যের পর ২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সেখান থেকে সৌদি ক্লাবের ক্লাব আল হিলাল ঘুরে গত মাসে সান্তোসে ফেরেন তিনি।