রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়রে সেরা বাংলাদেশের জারিফ
প্রতিযোগিতার শীর্ষ বাছাই থাইল্যান্ডের নাপাত পাত্তানালারথানকে উড়িয়ে দিয়েছেন জারিফ।
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় বালক এককে সেরা হয়েছেন বাংলাদেশের জারিফ আবরার। ফাইনালে তিনি হারিয়েছেন থাইল্যান্ডের প্রতিযোগীকে।
রাজশাহী টেনিস কমপ্লেক্সে বালক এককের ফাইনালে জারিফের সঙ্গে প্রতিযোগিতার শীর্ষ বাছাই থাইল্যান্ডের নাপাত পাত্তানালারথান পেরে ওঠেননি। ৭-৬(৩), ৬-৪ গেমে জারিফ জিতে নেন ম্যাচ। আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ গ্রুপে এই প্রথম বাংলাদেশের কোনো খেলোয়াড় চ্যাম্পিয়ন হল।
বালিকা এককে চিনের ঝিজি ইয়াং ৭-৫, ৩-৬, ৬-৩ গেমে মালদ্বীপের আরা আসাল আজিমকে হারিয়ে সেরা হয়েছেন।
বালক দ্বৈতে থাইল্যান্ডের জুটি এবং বালিকা দ্বৈতে চিনের জুটি হয়েছে সেরা।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে রাজশাহী টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বাগতিক বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চায়না, ভারত, জাপান, মালদ্বীপ, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও আমেরিকা-মোট ১০টি দেশের ৩৮ জন বালক ও ২০ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে।
