Published : 22 Apr 2026, 11:15 PM
সাড়ে তিন মাসেই শেষ হয়ে গেল লিয়াম রোস্যানিওর চেলসি অধ্যায়। প্রিমিয়ার লিগে দলের টানা পাঁচ হারের পর ছাঁটাই করা হলো এই ইংলিশ কোচকে।
স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি বুধবার এক বিবৃতিতে রোস্যানিওকে সরিয়ে দেওয়ার কথা জানায়।
প্রিমিয়ার লিগে কোনো গোল না করে সবশেষ পাঁচ ম্যাচ হেরেছে চেলসি। ১৯১২ সালের নভেম্বরের পর এই প্রথম এমন তেতো অভিজ্ঞতা হয়েছে তাদের।
গত জানুয়ারির শুরুর দিকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন রোস্যানিও। কিন্তু তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচের মধ্যে কেবল ১১টিতে জয় পেয়েছে দলটি।
সবশেষ গত মঙ্গলবার লিগে ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের মধ্যে যা তাদের সপ্তম হার। এর একদিন পরই চাকরি হারালেন রোস্যানিও।
প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে এখন সপ্তম স্থানে আছে চেলসি। শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে তাদের। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে চেলসি পিছিয়ে আছে ৭ পয়েন্ট, শিরোপাধারীদের হাতে একটি ম্যাচও বেশি আছে।