এশিয়ান গেমস বাছাই
Published : 10 Apr 2026, 12:41 PM
সেরা ছয়ে থেকে এশিয়ান গেমসে খেলা বাংলাদেশ নিশ্চিত করেছিল আগেই। চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটি ছিল অবস্থানটা একটু উঁচুতে তোলার উপলক্ষ্য। তৃতীয় কোয়ার্টারে মেহরাব হোসেনের করা গোলটি আগলে রেখে, তাদের আবারও হারিয়ে সে লক্ষ্য পূরণ করল দল।
ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে শুক্রবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। অন্য গোলটি মেহরাবের।
জয় দিয়ে বাছাই শেষের তৃপ্তিও সঙ্গী হলো বাংলাদেশের। চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।
সেখানে পর্বের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ৪-৪ সমতায় শেষের পর হংকংয়ের চীনের বিপক্ষে শুট আউটে ৩-২ গোলে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ।
পঞ্চম হওয়ার লক্ষে নেমে চাইনিজ তাইপের বিপক্ষে সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল। এই কোয়ার্টারেই ওয়ে চেং জি সমতায় ফেরান চাইনিজ তাইপেকে।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে আবারও লক্ষ্যভেদ করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে লো হাউ-কাই সমতা ফেরান। ৩৮তম মিনিটে ফিল্ড গোলে দলকে ফের এগিয়ে নেন মেহরাব। এই গোল আগলে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় বাংলাদেশ।
এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।
আগামী সেপ্টেম্বরে জাপানের আচি ও নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।