স্প্যানিশ ফুটবল
Published : 26 Jul 2024, 10:42 AM
আগে থেকেই হান্সি ফ্লিকের ধারণা ছিল কিছুটা, সেটা আরও পোক্ত হলো বার্সেলোনায় কাজ শুরুর পর। ভেতর থেকে সব কিছু দেখার পর জার্মান কোচের উপলব্ধিতে মিলে-মিশে থাকল রোমাঞ্চ, বিস্ময়। বললেন, তার কল্পনার চেয়েও বড় বার্সেলোনা।
শিরোপা শূন্য মৌসুম কাটানোর পর প্রধান কোচের পদ থেকে শাভি এর্নান্দেসকে সরিয়ে দেয় বার্সেলোনা। মে মাসের শেষ দিকে ক্লাব কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারের স্থালাভিষিক্ত হবেন ফ্লিক। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সবকিছু বুঝে নেওয়ার পর তিনি জানালেন নিজের অনুভূতি।
“প্রথম সেকেন্ড থেকেই আমি এটা অনুভব করছি, এটা অবিশ্বাস্য একটা ক্লাব। আমার কল্পনার চেয়েও অসাধারণ, বড় এবং বিশাল ক্লাব।”
“আমার কাছে, বার্সেলোনা বড় ক্লাবগুলোর একটি, হয়তো সবচেয়ে বড় ক্লাব। শিরোপা জেতা… আসলে আপনি বড় ক্লাবগুলোর হয়ে কেবল জিততেই পারেন এবং এজন্যই আমি এখানে।”
পরিচিতি পর্বে এসে সমর্থকদের প্রত্যাশার চাপও টের পাচ্ছেন বলেও জানালেন ফ্লিক। এই জার্মান কোচ প্রত্যয়ী কণ্ঠে বললেন, প্রস্তুত তিনিও।
“আমি বলছি না যে, আমরা সব শিরোপা জিতব, কিন্তু আমরা যদি কঠোর পরিশ্রম করি, আমরা অর্জন করতে পারব এবং সফল হওয়ার পথ খোলা থাকবে আমাদের সামনে। আমরা জানি, কঠোর পরিশ্রম এবং সাফল্যই মানুষ গোণায় ধরে, এছাড়া আর কিছু নয়। সামনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি আমি।”
“এটাই (সাফল্য এনে দেওয়া) আমার কাজ। আমি বার্সেলোনার কোচ এবং জানি, কী হতে পারে (প্রত্যাশার চাপ কেমন হতে পারে)। অবশ্যই আমাদের লক্ষ্য ভালো খেলা, পাশাপাশি মাঠে সবটুকু নিংড়ে দেওয়া এবং ভালোভাবে প্রস্তুত হওয়া। খেলোয়াড়দের দেখাতে হবে মাঠে বিষয়গুলো কীভাবে কাজ করে। আমার কাছে, (আপাতত) অনুশীলনে শতভাগ নিংড়ে দেওয়া গুরুত্বপূর্ণ।”
ইয়োহান ক্রুইফ ও পেপ গুয়ার্দিওলার দর্শন আকঁড়ে ধরে থাকা বার্সেলোনার খোলনলচে পাল্টে দেওয়ার ভাবনা নেই ফ্লিকের। ৫৯ বছর বয়সী এই কোচ দলকে দেখতে চান আরও সক্রিয়।
“(ইয়োহান) ক্রুইফ বা পেপের (গুয়ার্দিওলা) অধীনে অবিশ্বাস্য সাফল্য পাওয়া বার্সেলোনার দর্শন থেকে আমি বেশি দূরে নই। আমি চাই, বল পায়ে এবং বল ছাড়া মাঠে সক্রিয় একটি দল, যারা ছন্দময় ফুটবল খেলবে।”
আগামী ১৭ অগাস্ট ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা পুনরুদব্ধারের অভিযান শুরু করবে বার্সেলোনা। আসল পরীক্ষা শুরু হবে ফ্লিকেরও।