নেতাই নদের পাড়ের সেই মারিয়া যে কারণে দলনেতা
সতীর্থদের সেরাটা বের করে আনার সামর্থ্য এই মিডফিল্ডারের আছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার।
অন্যরকম এক অভিজ্ঞতাই হয়েছিল সাফ জয়ীদের নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজন ‘অদম্য-৩২’ এর কাজ করতে গিয়ে। ময়মনসিংহের কলসিন্দুরে মারিয়া মান্দার বাড়িতে যেতে পাড়ি দিতে হবে নেতাই নদ। নদের পাড়ে গিয়ে দেখা গেল নৌকা আছে, মাঝি নেই! অগত্য মারিয়াকে জানাতে হলো। তিনি এলেন। ওপাড় থেকে দড়ি টেনে নৌকা বেয়ে এলেন নিজেই! সেই মারিয়ার কাঁধে এখন উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে টেনে নেওয়ার ভার। তিনি পারবেন তো?
বয়সভিত্তিক দলে আগেও অধিনায়কত্ব করেছেন মারিয়া। সাফল্যও এনে দিয়েছেন। সিনিয়র দলে এবারই প্রথম এই গুরুদায়িত্ব উঠেছে তার কাঁধে। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ যখন খেলতে নামবে, অধিনায়ক হিসেবে নতুন পথচলা শুরু হবে মারিয়ারও।
দীর্ঘসময় অধিনায়কের আর্মব্যান্ড ছিল সাবিনা খাতুনের বাহুতে। তার নেতৃত্বে দুটি উইমেন্স সাফ জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। কিন্তু ২০২৪ সালের সাফ জিতে আসার পর পিটার জেমস বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করে বসেন ১৮ ফুটবলার, তাদের ‘নেতৃত্বেও’ ছিলেন সাবিনা; সঙ্গী ছিলেন মারিয়া, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমাসহ আরও অনেকে।
অনেক টানাপোড়েনর পর বিদ্রোহের অবসান হলেও সাবিনা, মাসুরা পারভীনদের মতো অনেকের আর দলে ফেরা হয়নি। মারিয়া, মনিকা, তহুরা, ঋতুপর্ণারা ফিরলেন। গত বছর জানুয়ারিতে বাটলার অধিনায়ক হিসেবে বেছে নেন আফঈদা খন্দকারকে। সেটা একটু চমকই ছিল। কেননা, আফঈদার বয়স তখন মাত্র ১৮ বছর।
তরুণ কাঁধে আফঈদা অধিনায়কের ভার টেনেছেন ১৪টি ম্যাচে। সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপ ও অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপে খেলার ইতিহাসও বাংলাদেশ গড়েছে তার নেতৃত্বেই। কিন্তু গত কিছুদিন ধরে আফঈদার মাঠের পারফরম্যান্সে কিছুটা ভাটার টান পড়ে। সেই টানেই অধিনায়কত্বের বৈঠাটা তার হাত থেকে ছুটে উঠল মারিয়ার হাতে।
মাঝমাঠে মারিয়া আগে থেকেই ছিলেন পরীক্ষিত। গত দুটি সাফ জয়ের গল্পে মাঝমাঠে মনিকাকে নিয়ে ছিলেন নির্ভরতার প্রতীক হয়ে। এবার মাঝমাঠ সামলানোর সাথে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও তার।
গোয়ার ব্যাম্বলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে অনুশীলনে মারিয়া ধরা দিলেন নতুন ভূমিকায়। কখনও মনিকা-তহুরার মতো সমবয়সীদের সঙ্গে খুনসুঁটিতে মাতলেন। উমহেলা মারমা, সাগরিকাদের মতো বয়সে ছোটদের নানা পরামর্শ দিলেন হাসিমুখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে আলাপচারিতায় কোচ বাটলারও জানালেন, কী কারণে মারিয়াকে অধিনায়ক বেছে নিয়েছেন তিনি।
“আফঈদা অল্পবয়সী এবং সে প্রচুর চাপ সামলেছে। এখন তার নিজের খেলার ওপর মনোযোগ দেওয়া প্রয়োজন। (মারিয়াকে অধিনায়ক করা) এটা সম্পূর্ণ কৌশলগত সিদ্ধান্ত এবং দলের মঙ্গলের জন্যই নেওয়া হয়েছে।”
“মারিয়া ভীষণ দৃঢ়প্রতিজ্ঞ এবং পুরো দলের সবাই তাকে শ্রদ্ধা করে। সে নিজে উদাহরণ তৈরি করে নেতৃত্ব দেবে এবং আমি জানি, সে অন্যদের কাছ থেকে সেই সম্মান ও আনুগত্য আদায় করে নিতে পারবে।”
মারিয়া পারবেন কিনা, তা সময়ই বলে দিবে। তবে পুরনো সাফল্য আর তার লড়াকু মানসিকতা দেখে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী হওয়াই যায়। এখন দেখার অপেক্ষা- নিজে বৈঠা বেয়ে, দড়ি টেনে নদ পাড়ি দেওয়া মারিয়া বাংলাদেশ দলকে হ্যাটট্রিক শিরোপা জয়ের বন্দরে নিতে পারেন কিনা?
