হ্যাটট্রিক করে খুশি এমবাপে, তবে অপেক্ষা ‘আরও বেশি খুশির’
রেয়াল মাদ্রিদের হয়ে প্রথম হ্যাটট্রিক করে কিলিয়ান এমবাপে বললেন, গোল-হ্যাটট্রিকের চেয়েও তার বেশি চাওয়া দলের শিরোপা।
গোল আসছে নিয়মিত। ধারাবাহিকতার দেখা মিলেছে। এবার রেয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিকের স্বাদও পেয়ে গেলেন কিলিয়ান এমবাপে। লিগের শীর্ষ গোলস্কোরার থেকে এখন আর খুব পিছিয়ে নেই তিনি। তবে গোল-হ্যাটট্রিকের চেয়েও তার বেশি চাওয়া দলের জন্য। নিজে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার চেয়েও বেশি খুশি হবেন তিনি দল লিগ শিরোপা জিতলে।
লা লিগায় শনিবার রেয়াল ভাইয়াদলিদকে ৩-০ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। তিনটি গোলই করেন এমবাপে।
এই ম্যাচের আগে আরেক ম্যাচে ভিয়ারেয়ালের সঙ্গে ড্র করেছিল পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ। রেয়ালের সামনে তাই সুযোগ ছিল শীর্ষে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। এমবাপের হ্যাটট্রিকে সেই সুযোগ লুফে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের পর রেয়াল মাদ্রিদ টিভিকে এমবাপে বললেন, নিজের হ্যাটট্রিকের চেয়ে ওই তিন পয়েন্টই তার কাছে বেশি কাঙ্ক্ষিত।
“হ্যাটট্রিক করে আমি খুশি, তবে আরও বেশি খুশি দল জিতেছে বলে। আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে, আতলেতিকোর ফলাফলের পর আমাদের ওপর বেশি চাপ ছিল (জেতার জন্য)।”
সবশেষ পাঁচ ম্যাচে এমবাপের গোল হয়ে গেল আটটি। লা লিগায় তার গোল হলো ১৫টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি। লা লিগার গোলের তালিকায় শীর্ষে থাকা রবের্ত লেভানদোভস্কির চেয়ে এখন কেবল এক গোলে পিছিয়ে আছেন তিনি।
কদিন আগে টিএনটি ব্রাজিলকে ভিনিসিউস জুনিয়র বলেছিলেন, “রদ্রিগো ও আমি সম্ভাব্য সব চেষ্টাই করব যাতে এমবাপে লিগের সর্বোচ্চ গোলস্কোরার হতে পারে, কারণ সে এজন্যই এখানে এসেছে।” সেই প্রসঙ্গে এবার এমবাপে বললেন, নিজে সেরা হওয়ার চেয়ে দলের সেরা হওয়াটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
“ওদের কাছ থেকে এরকম শুনতে পাওয়া দারুণ, তবে আমি বলতে চাই যে, আমিও ওদের সহায়তা করব। আমরা সবাই চাই দলের জন্য। আমি সর্বোচ্চ স্কোরার হতে পারলে ভালো… না হলেও ক্ষতি নেই, ক্যারিয়ারে অনেকবারই এটা হয়েছি (ফরাসি লিগে)। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিগ জয় করা।”
কোচ কার্লো আনচেলত্তি কিছুদিন আগে বলেছেন, আক্রমণভাগের মাঝখানে খেলানোতেই আপন রূপে ফিরতে পেরেছেন এমবাপে। তবে পজিশন নিয়ে পছন্দ কিছু নেই বলে আবারও দাবি করলেন এমবাপে নিজে। তার মতে, দলে মানিয়ে নিতে পেরেছেন বলেই পারফরম্যান্স হচ্ছে এখন।
“এখানে এসে প্রথম দিনই বলেছি, আক্রমণভাগে তিনটি পজিশনেই খেলতে পারি আমি। কোনোটিতেই আপত্তি নেই। প্রয়োজন ছিল স্রেফ নতুন ক্লাবে মানিয়ে নেওয়া। সেটা এখন হয়ে গেছে। ভালো অনুভব করছি, মাঠে বিচরণ ও সতীর্থদের সঙ্গে বোঝাপড়া ভালো হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠে।”
এমবাপেকে এই চেহারায় দেখে উচ্ছ্বসিত রেয়াল কোচ আনচেলত্তিও।
“সে তো এখন এখানে খেলছে বেশ কিছুদিন হয়ে গেল। এখন সে দলে অনেক অবদান রাখছে, অনেক কিছু বয়ে আনছে। আমাদের জন্য যা দারুণ ব্যাপার। মাসদুয়েক আগেই সে ছন্দ খুঁজে পেয়েছে। আজকে প্রথমবারের মতো হ্যাটট্রিক করল, তাকে অভিনন্দন। দারুণ মানসম্পন্ন ফুটবলার সে।”
২১ ম্য্যাচে ৪৯ পয়েন্ট রেয়াল মাদ্রিদের, সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৫। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।
