৫ বছরের চুক্তিতে ইউভেন্তুসে ব্রাজিলের দগলাস লুইস
২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে অ্যাস্টন ভিলা থেকে দলে টেনেছে ইতালিয়ান ক্লাবটি।
ইংল্যান্ড থেকে ইতালিয়ান ফুটবলে পাড়ি জমালেন দগলাস লুইস। অ্যাস্টন ভিলা থেকে পাঁচ বছরের চুক্তিতে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে টানল ইউভেন্তুস।
সেরি আর দলটি রোববার বিবৃতি দিয়ে ২৬ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা জানায়।
আর্থিক বিষয় নিয়ে কিছু জানায়নি দুই ক্লাব। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, অঙ্কটা প্রায় পাঁচ কোটি ইউরো।
ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা লুইস ২০১৭ সালে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। তবে ক্লাবটির হয়ে কোনো ম্যাচ তিনি খেলেননি, ধারে স্প্যানিশ ক্লাব জিরোনার হয়ে খেলেন দুই মৌসুম।
২০২০ টোকিও অলিম্পিকসে ব্রাজিলের সোনা জয়ী দলের সদস্য লুইস ২০১৯ সালে যোগ দেন ভিলায়। পরপর দুই মৌসুমে দলটির ইউরোপা কনফারেন্স লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনে অবদান রাখেন তিনি।
