রেয়ালকে বিদায় করার নায়ক বেতানকর ‘খেলা ছাড়তে চেয়েছিলেন’
স্বপ্নের ঘোরের মধ্যে থাকা হেফতা বেতানকর সন্তানদের জন্য বাঁধাই করে রাখবেন এই ম্যাচের জার্সি।
ইউরোপের সফলতম দল রেয়াল মাদ্রিদের অনেক ভক্তর জন্য এই মুহূর্তে হয়তো দুঃস্বপ্ন হেফতা বেতানকর। তবে তিনি নিজে যেন আছেন স্বপ্নের ঘোরে। কয়েক বছর আগে খেলা ছাড়তে চাওয়া আলবাসেতের অভিজ্ঞ এই ফরোয়ার্ড সন্তানদের জন্য বাঁধাই করে রাখবেন ‘রেয়াল জয়ের জার্সি।’
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে গত বুধবার রেয়ালকে ৩-২ ব্যবধানে হারায় আলবাসেতে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে দ্বিতীয় স্তরের দলটির দুটি গোল করে জয়ের নায়ক ৩২ বছর বয়সী বেতানকর।
ধারে আলবাসেতে দলে খেলতে আসা বেতানকুর ম্যাচ শেষে বলেন, রেয়ালের বিপক্ষে জয় এখনও বিশ্বাস হচ্ছে না তার।
“ফুটবলে আমার জন্য ঘটা সেরা কিছু হলো এই জয়। যখন ছোট ছিলাম, তখন এমন কিছু কেবল স্বপ্নেই দেখেছি। আজ সেটা ঘটেছে। নিজের দলের জন্য আমি খুব খুশি। ওরা আজ পাগলের মতো খেটেছে।”
“কয়েক বছর আগে আমি ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলাম, আজ আমি এটা নিয়ে স্বপ্ন দেখছি। আমরা যা করেছি, এমন কিছু করা খুব কঠিন। আমরা সবটুকু দিয়ে লড়াই করেছি এবং এই জয় আমাদের প্রাপ্য।
২০১১/১২ মৌসুমে এরকুলেসের হয়ে অভিষেক হয় বেতানকরের। স্পেনের বাইরে অস্ট্রিয়া, রোমানিয়া, সাইপ্রাস ও গ্রিসে খেলেছেন তিনি। অলিম্পিয়াকস থেকে ধারে স্বদেশের ক্লাবে খেলতে এসেছেন তিনি। সেখানেই পূরণ হয়েছে ইউরোপের সফলতম দলকে হারানোর স্বপ্ন।
“এই জার্সি আমার সন্তানদের জন্য। আমি এটা বাঁধাই করে রাখব।”
