১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পরিষ্কার পেনাল্টি’ না পেয়ে আরবেলোয়ার ক্ষোভ

জিরোনার বিপক্ষে ড্রয়ের পর আরও একবার রেফারি ও ভিএআরের সমালোচনা করলেন রেয়াল মাদ্রিদ কোচ।

‘পরিষ্কার পেনাল্টি’ না পেয়ে আরবেলোয়ার ক্ষোভ
এই ঘটনায় পেনাল্টির জোরাল আবেদন করে রেফারির সাড়া পায়নি রেয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 05:41 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে তখন ৮৮তম মিনিটের খেলা চলছে। আলেক্স মোরেনোকে পেছনে ফেলে ডান দিক দিয়ে বল নিয়ে দ্রুত ভেতরে ঢুকে যান কিলিয়ান এমবাপে। সামনে থাকা ভিতর রেইসকে কাটাতে যাবেন তিনি, এমন সময়ে জিরোনা ডিফেন্ডারের কনুই লাগে তার মুখে। বল ছেড়ে পড়ে যান ফরাসি ফরোয়ার্ড। তার জোরাল পেনাল্টির দাবিতে সাড়া দেননি রেফারি। কেন তিনি সাড়া দিলেন না তা বুঝতে পারছেন না আলভারো আরবেলোয়া। 

রেয়াল মাদ্রিদ কোচের মতে, এটা ছিল পরিষ্কার পেনাল্টি। 

লা লিগায় শুক্রবার ঘরের মাঠে জিরোনার সঙ্গে ১-১ ড্র করেছে রেয়াল। এতে শিরোপা পুনরুদ্ধারের আশা ফিকে হয়ে গেছে আরও।

ম‍্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ৮৮তম মিনিটের ওই ঘটনা। এর সূত্র ধরেই রেয়াল কোচ আরবেলোয়া বললেন, চলতি মৌসুমে এমন অনেক সিদ্ধান্তই দেখতে হচ্ছে তাদের। 

“যেকোনো জায়গাতেই এটা একটা পেনাল্টি। এটা স্রেফ আরও একটা ঘটনা। আরেকটা এমন সিদ্ধান্ত। আমাদের সঙ্গে এটাই ঘটছে। ঘটনা এমনই। আমার কিংবা অন‍্য কারো জন‍্যই এটা বোধগম‍্য নয়।”

রেফারি আলবেরোলা রোহাসের পাশাপাশি ভিএআরেরও সমালোচনা করেন আরবেলোয়া।

“আমি কিংবা কেউই এটা বুঝতে পারছে না। ভিএআর তখনই হস্তক্ষেপ করে যখন এটা সুবিধাজনক। যখন তা নয়, তখন করে না। এটা আমি গতকালই বলেছি এবং আপনারা আমার মত জানেন।”

“এটা পরিষ্কার ফাউল। প্রথমার্ধে এর চেয়ে মৃদু ঘটনায় কিলিয়ানের বিপক্ষে ফাউল দেওয়া হয়েছিল। রেফারির সঙ্গে আমাদের অনেক সমস‍্যা। এখানে হলো, মায়োর্কায় ছিল… সেই একই পুরনো গল্প।”

সবশেষ দুই ম‍্যাচে একটি করে হার ও ড্রয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়েছে রেয়াল। ৩১ ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে তারা। এক ম‍্যাচ কম খেলা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে আছে চূড়ায়। শনিবার এস্পানিওলের বিপক্ষে জিতে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার হাতছানি শিরোপাধারীদের সামনে।

টানা দুই হার ও এক ড্রয়ের হতাশা নিয়ে, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে খেলবে রেয়াল। ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ায়, সেমি-ফাইনালে উঠতে হলে প্রতিপক্ষের মাঠে সেই ব্যবধান ঘুচিয়ে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে।