ইংলিশ ফুটবল
Published : 26 Apr 2026, 03:19 PM
ক্রিস্টাল প্যালেস ম্যাচ দিয়ে লিভারপুলে অভিজ্ঞ ফরোয়ার্ড মোহামেদ সালাহর ক্যারিয়ারের শেষ দেখছেন ইব্রাহিম হাসান। মিশর জাতীয় দলের এই পরিচালক বলেছেন, চোটের জন্য চলতি মৌসুমে আর ক্লাব ফুটবলে খেলা হবে না সালাহর।
অ্যানফিল্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে প্যালেসকে ৩-১ গোলে হারায় লিভারপুল। ম্যাচ শেষ করতে পারেননি আগেই চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া সালাহ। চোট নিয়ে দর্শকদের করতালির মধ্যে ৬০তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।
সালাহর চোট নিয়ে এখনও কিছু জানায়নি লিভারপুল। তবে হাসান রয়টার্সকে বলেছেন, ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তারকা ফরোয়ার্ড।
“সালাহর হ্যামস্টিংয়ে চিড় আছে, সেরে উঠতে তার চার সপ্তাহ সময় লাগবে।”
ঘরের মাঠে এখনও দুটি ম্যাচ বাকি লিভারপুলের- ৯ মে চেলসি এবং ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। এর মাঝে ৩ মে ম্যানচেস্টার ইউনাইটেড ও ১৭ মে অ্যাস্টন ভিলার মাঠে খেলবে আর্না স্লটের দল।
এখনই সালাহর শেষ দেখছেন না লিভারপুল কোচ। আরেকটু অপেক্ষা করে দেখতে চান স্লট।
“এটাই শেষ ম্যাচ বলার সময় এখনও আসেনি। তবে আমরা সবাই জানি, তার জন্য মাঠ ছাড়া কতটা কঠিন। মো মাঠ ছেড়েছে মানে কিছু ঘটেছে। তবে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এটা কতটা খারাপ।”
লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ১২ গোল, অবদান রেখেছেন ৯ গোলে।
হাসান আশাবাদী, ২০২৬ বিশ্বকাপের জন্য ফিট থাকবেন সালাহ। উত্তর আমেরিকায় ৪৮ দলের টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। ‘জি’ গ্রুপে বেলজিয়াম, নিউ জিল্যান্ড ও ইরানের বিপক্ষে খেলবে মিশর।