২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে আক্রমণাত্মক খেলব’, বললেন বাটলার

থাইল্যান্ডে ১৫ দিনের ক্যাম্পে ও মালদ্বীপের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের যত বেশি সম্ভব পরখ করে নিতে চান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ।

‘ভারতে আক্রমণাত্মক খেলব’, বললেন বাটলার
ভারতে গিয়ে মেয়েরা রক্ষণে গুটিয়ে থাকবে, সেটা কোনোভাবেই চান না পিটার জেমস বাটলার। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

পিটার জেমস বাটলার বরাবরই আক্রমণাত্মক ফুটবলপ্রেমী। আসছে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপেও দলকে তেমন কৌশলে খেলাতে চান বাংলাদেশ নারী দলের প্রধান কোচ। 

গোয়ায় এবারের আসর শুরু হবে আগামী ২৫ মে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী প্রতিযোগিতার সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ। 

ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে থাইল্যান্ডের ব্যাংককে ১৫ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। বৃহস্পতিবার ব্যাংককের উদ্দেশে রওনা দেবে দল। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মেয়েরা। 

সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন বাংলাদেশ শুরু করবে ২৯ মে মালদ্বীপ ম্যাচ দিয়ে। যাদের বিপক্ষে এ পর্যন্ত খেলা চার ম্যাচের সবগুলোতেই জয়ী বাংলাদেশ। সবশেষ ২০২২ সালে সাফে তাদেরকে ৩-০ গোলে হারিয়েছিল দল। তবে, মালদ্বীপকে খাটো করে দেখছেন না বাটলার। 

“আমি মালদ্বীপের প্রতি অসম্মান প্রদর্শন করতে চাই না। মালদ্বীপ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কারণ তাদের কোনো ঐতিহাসিক রেকর্ড নেই। ভারত খুব ভালো দল। কিন্তু, আমি প্রতিটি ম্যাচকে আলাদাভাবে গুরুত্ব দিই। দিনের পর দিন প্রস্তুতি, খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দেই। পেশাদারভাবে কাজ করি এবং আমার দলকে আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য প্রস্তুত করি।”

“আমি আমার দলকে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে শেখাই না। আমরা এমন একটি দল, যারা আক্রমণ করে, আমাদের আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আমি সত্যিই চাই, মেয়েরা মাঠে গিয়ে সৃষ্টিশীলতার সাথে তাদের দক্ষতা মেলে ধরুক।”

পাকিস্তান সরে দাঁড়ানোয় এবার ছয় দল নিয়ে হচ্ছে আসরটি। ভারত, নেপাল ও বাংলাদেশ- এই তিন দলের মধ্যেই গত আসরগুলোতে হয়েছে লড়াই। ভারতের টানা পাঁচ শিরোপা জয়ের যাত্রায় ছেদ টেনে বাংলাদেশ প্রথম ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০২২ সালে। দুই বছর পর আবারও নেপালকে হারিয়ে তারা জিতে দ্বিতীয় শিরোপা। 

ভারতের যেমন দক্ষিণ এশিয়ার নারী ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পাওয়ার তীব্র আকাঙ্খা আছে, বাংলাদেশেরও আছে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। কোনো প্রতিপক্ষকেই তাই হালকাভাবে নিচ্ছেন না বাটলার।

“যখন কোনো টুর্নামেন্ট জেতার বা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার বিষয় আসে, তখন তা কখনোই সহজ হয় না। কারণ, আপনার ওপর সবার নজর থাকে। মানুষ আপনার বিপক্ষে খেলতে চায়, আপনাকে হারাতে চায়। তাই আমাদের দৃষ্টিকোণ থেকে, আমি প্রতিটি ম্যাচই কঠিন হবে বলে ধারণা করি এবং আমি সেটিই চাই। কারণ এটি খেলোয়াড়দের সক্ষমতা যাচাই করে।”

“আমরা এমন পরিস্থিতি চাই না যেখানে আমরা এমন দলের বিপক্ষে খেলব যারা আমাদের পরীক্ষা নেবে না। আমি মালদ্বীপের বিপক্ষে এবং থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচে যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা ৪৫ মিনিট করে দুটি আলাদা দল নিয়ে খেলব এবং তারপর মালদ্বীপ ম্যাচের জন্য একটি শুরুর একাদশ চূড়ান্ত করব।”

হালিমা খাতুন, অপির্তা বিশ্বাসের মতো নতুনদের ওপরও আস্থা রাখছেন বাটলার। বললেন, ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।

“আমি ঠিক সেভাবে দেখি না (নতুন মনে করি না)। কারণ, তাদের অনেকেই অনূর্ধ্ব-২০ এএফসি কাপে খেলেছেন যা অনেক বেশি প্রতিযোগিতামূলক। আর্পিতা ও মোমিতাকে (মমিতা) দেখুন, কেউ তাদের নিয়ে কথা বলছে না; অথচ আমি তাদের সেন্টার-ব্যাক এবং রাইট-ব্যাক থেকে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে তৈরি করেছি।”

“এর কারণ, আমার বিশ্লেষণ অনুযায়ী মনিকা চাকমা ও মারিয়া মান্দার মতো দুই জন আক্রমণাত্মক মিডফিল্ডারের পাশাপাশি রক্ষণেও কাউকে প্রয়োজন। আমাদের একাধিক পরিকল্পনা…প্ল্যান-এ, প্ল্যান-বি আছে।”