গুয়ার্দিওলার ভাবনায় ‘রইল বাকি ১১’
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয়টি এ মুহূর্তে বিশাল কিছু বলেই মনে হচ্ছে পেপ গুয়ার্দিওলার।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে মিলেছে কাঙ্ক্ষিত জয়; লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান আরও কমেছে। এখন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার ভাবনা, লিগের বাকি ১১ ম্যাচ নিয়ে। সামনের ম্যাচগুলো একই নিবেদন, তাড়না নিয়ে খেলতে হবে, দলকে মনে করিয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।
নিকো ও’রাইলির জোড়া গোলে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে সিটি। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গুয়ার্দিওলার দল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
লিগের বাকি পথচলায় আর্সেনাল ছোটখাট একটা হোঁচট খেলে এই ব্যবধানটুকু ঘুঁচে যেতে পারে যেকোনো মুহূর্তে। তবে গুয়ার্দিওলার ভাবনা প্রতিপক্ষের পা পিছলে পড়া নয়, লিগের বাকি ১১ ম্যাচ নিউক্যাসল ম্যাচের মতো সমান তাড়না নিয়ে নিজেদের পারফরম করে যাওয়া নিয়ে।
“এটা ছিল বিশাল। নিউক্যাসল অবিশ্বাস্য একটা দল। আজ যে ম্যাচ খেলেছি, আমাদের পরবর্তী ১১ ম্যাচ হবে এমন। সামনের প্রতিটি ম্যাচই নিউক্যাসল ম্যাচের মতো হবে; একটা যুদ্ধ।”
“এখন আমরা তিন দিন ছুটি পাব। ছেলেদের বলেছি-আগামী তিন দিন তোমার প্রচুর পরিমাণ কাইরিপিনা এবং দাইকুইরিস পান করো এবং জীবন উপভোগ করো এবং এরপর আমরা যথাযথ ট্রেনিং সেশন করব এবং লিডসে যাব।”
ইতিহাদ স্টেডিয়ামে সিটি সমর্থকরা এদিনও দলকে অনুপ্রাণিত করতে, উৎসাহ দিতে এসেছিলেন বরাবরের মতোই। লিগের বাকি হোম ম্যাচে তাদের পাশে চাইলেন গুয়ার্দিওলা।
“আজ আমাদের সমর্থকদের সাথে যে সংযোগ এবং আবহ ছিল, এটা ছিল মৌসুমের সেরা। প্রিমিয়ার লিগে আমাদের আরও পাঁচটি হোম ম্যাচ বাকি এবং আমাদের এই আবেগ-আবহ প্রয়োজন।”
